সিলেটটুডে ডেস্ক

০৬ নভেম্বর, ২০১৬ ০৪:২৯

ফেসবুক সম্পর্কে রসরাজের কোন ধারণাই নেই : মন্ত্রী ছায়েদুল

যার ফেসবুকের এক পোস্ট নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু মন্দির ও ঘরবাড়িতে হামলা চালানো হয় সেই রসরাজ দাসের ফেসবুক সম্পর্কে কোন ধারণা নেই বলে জানিয়েছেন এই ঘটনার পর থেকে নিজ ভূমিকার জন্য সমালোচিত স্থানীয় সাংসদ ও প্রানীসম্পদ মন্ত্রী ছায়েদুল হক।

শনিবার (৫ নভেম্বর) সাংবাদিকদের ছায়েদুল হক বলেন, গুজব রটিয়ে হেফাজতে ইসলাম পরিচালিত স্থানীয় এক মাদ্রাসার লোকজনই হিন্দু মন্দির ও ঘরবাড়িতে হামলা চালিয়েছে। তিনি বলেন, 'রসরাজ গ্রামীন জেলে তার ফেসবুক সম্পর্কে কোন ধারণা নেই বলে আমরা জানতে পেরেছি।'

শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগের গিয়ে একই ধরণের দাবি করেছেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। রসরাজকে নির্দোষ দাবি করে শাহরিয়ার কবির বলেন, “২০১২ সালে রামুতে শিবিরের একটি ছেলে যেভাবে উত্তম বড়ুয়ার ফেইসবুকে ছবি ছড়িয়ে দিয়েছিল ঠিক সেরকমই একটা পুরনো ছবি ফেইসবুকে ছড়িয়ে দিয়ে এখানে ধর্মীয় উন্মাদনা তৈরি করেছে পরিকল্পিতভাবে।'

আইডি হ্যাক করে অন্যকেউ বিতর্কিত ছবি পোস্ট করেছে বলে গত ২৯ অক্টোবর রসরাজের একাউন্ট থেকে জানানো হয়েছিল। তবে ওইদিনই পুলিশ তাকে গ্রেপ্তার করে ৫৭ ধারার মামলায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। রসরাজ বর্তমানে ৫ দিনের রিমান্ডে রয়েছেন।

রসরাজের বিরুদ্ধে ফেইসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে সমাবেশ করে আহলে সুন্নাত আল জামাত ও হেজাজতে ইসলাম রসরাসের ফাঁসির দাবিতে সমাবেশ করে। পরে ওই দুটি সমাবেশ থেকেই হিন্দু মন্দির ও ঘরবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক লুটপাট করা হয়। ওই সমাবেশের অনুমতি দিয়ে তাতে বক্তব্য রাখেন ইউএনও ও ওসি। ওসিকে প্রত্যাহার করা হলেও ইউএনও এখনো স্বপদে বহাল আছেন।

ঘটনার ৩ দিনেও মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী এলাকার সাংসদ হয়েও পরিস্থতি পর্যবেক্ষণে না গিয়ে- 'তেমন কিছুই' হয়নি বল মন্তব্য করলে তাকে নিয়ে  সমালোচনা তৈরি হয়। তিনদিন পর তিনি এলাকায় গেলেও ঘটনাস্থল পরিদর্শন না করে ডাকবাংলোয় বসে হিন্দু ধর্মালম্বিদের নিয়ে  বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ উঠে। তাঁর এলাকা সফরের একদিন পরই দ্বিতীয় দফায় নাসিরনগরের হিন্দু বাড়িতে ফের হামলা হলে ছায়েদুল হকের পদত্যাগ দাবি করে স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠন।

এই ঘটনায় এখনো পর্যন্ত ৪৪ জনকে আটক করেছে নাসিরনগর থানা পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত