সিলেটটুডে ডেস্ক

০৭ নভেম্বর, ২০১৬ ১৫:২৬

খাদিজার বাম হাত ও মাথায় সফল অস্ত্রোপচার

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের বাম হাতে ও  মাথার ডান পাশে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার (০৭ নভেম্বর) বেলা ২টা ২০ মিনিটে অস্ত্রোপচার শেষে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। এর আগে সকাল  ৮টা ৪০ মিনিটে তার অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

খাদিজার বাবা মাসুম মিয়া চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন অস্ত্রোপচার সফল হয়েছে।

এর আগে ৪ অক্টোবর খাদিজার মাথায় প্রথম অস্ত্রোপচার করা হয়। ১৭ অক্টোবর তার ডান হাতে অস্ত্রোপচার হয়।

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর সিলেটে এমসি কলেজ ক্যাম্পাসে খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম। গুরুতর আহত খাদিজাকে প্রথমে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই রাতেই তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই চলছে খাদিজার চিকিৎসা।

আপনার মন্তব্য

আলোচিত