১০ নভেম্বর, ২০১৬ ০০:৪৮
১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, 'যারা নাসিরনগরের হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়ি-ঘরে হামলা-ভাংচুর করেছে তারা দেশের স্বাধীনতা বিশ্বাস করে না। জনগণকে সাথে নিয়ে তাদের হাত ভেঙ্গে দেওয়া হবে।'
তিনি আরও বলেন, 'যারা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করেছে তাদের দ্রুত বিচার আইনে বিচার করা হবে। শেখ হাসিনার সরকারকে বিব্রত করতেই সুপরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে। এই লুটেরাদের কোনো ছাড় দেয়া হবে না।'
বুধবার কেন্দ্রীয় ১৪ দলের একটি প্রতিনিধিদল নাসিরনগরের হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত মন্দির ও বাড়ি-ঘর পরিদর্শন শেষে স্থানীয় গৌরমন্দির প্রাঙ্গনে আয়োজিত এক সমাবেশে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সম্প্রীতির বাংলাদেশ ও শেখ হাসিনার সরকারকে হেয় করতেই নাসিরনগরে হামলা চালানো হয়েছে। ক্ষতিগ্রস্ত মন্দির সংস্কারের জন্য সরকার সব ধরনের সহযোগিতা করবে।'
আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, 'দায়িত্বে অবহেলা করলেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।'
এ সময় হামলার জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন মোহাম্মদ নাসিম।
সমাবেশে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, 'শেখ হাসিনার সরকারকে বেকায়দায় ফেলতেই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা করা হয়েছে। সরকার বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধাপরাধীদের ছাড় দেয়নি। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলাকারীদেরও ছাড় দেবে না।'
বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, 'দেশে যখন যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হচ্ছে, ঠিক তখনই নাসিরনগরে হামলা চালানো হয়েছে। হামলাকারীরা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে চায়। তবে যারা সাম্প্রদায়িক উস্কানি দেয় এবং হামলা করে তাদের ছাড় দেয়া হবে না।'
স্থানীয় সংসদ সদস্য, মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ ছায়েদুল হকের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেকমন্ত্রী দিলীপ বড়ুয়া, সাবেক মন্ত্রী দীপংকর তালুকদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের নেতা অসিত বরণ রায়, ঐক্য ন্যাপের ইসমাইল হোসেন,আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় নেতা মুসতাকিন বিল্লাহ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ, অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত, ড. নিম চন্দ্র ভৌমিক।
আপনার মন্তব্য