১১ নভেম্বর, ২০১৬ ১৩:৪৮
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের কয়েকটি স্থানে সাম্প্রদায়িক হামলা, মন্দির ভাংচুরের প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
শুক্রবার সকাল সাড়ে ১০টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই অবরোধ শুরু হলেও তাঁদের সঙ্গে এই কর্মসূচিতে কয়েকটি সংগঠনও যোগ দিয়েছে। সাধারণ শিক্ষার্থীরা ছাড়াও ‘সচেতন হিন্দু শিক্ষার্থীবৃন্দ’, ‘সাধারণ হিন্দু শিক্ষার্থীবৃন্দ’, ‘সনাতন বিদ্যার্থী সংসদ’, ‘রমনা কালি মন্দির ও আনন্দমীয় আশ্রম পরিচালনা পরিষদ যোগ দিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয়।
অবরোধে শাহবাগের সব পাশেই যানচলাচল বন্ধ হয়ে যায় তবে এসময় অনেক পথচারি শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে অবরোধে যোগ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার পর কয়েক শ প্রতিবাদকারী শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শাহবাগ মোড়ে অবরোধ চলাকালে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাংসদ মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের কুশপুত্তলিকা পোড়ান প্রতিবাদকারীরা। তাঁরা ছায়েদুল হককে দল ও মন্ত্রীর পদ থেকে বহিষ্কারের দাবি জানান।
প্রতিবাদকারীরা বলেন, হামলার উসকানিদাতা এবং হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ক্ষতিগ্রস্ত হিন্দুদের ক্ষতিপূরণ দিতে হবে।
প্রতিবাদকারীরা সংখ্যালঘু-বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, স্বাধীন সংখ্যালঘু কমিশন গঠনসহ ছয় দফা দাবি দিয়েছেন।
প্রতিবাদে অংশ নেওয়া দেবাশীষ কুমার ঘোষ বলেন, আজ সারা দিন তাঁদের কর্মসূচি চলবে। দাবি না মানলে পরবর্তী সময়ে আরও বড় কর্মসূচি দেওয়া হবে।
আপনার মন্তব্য