সিলেটটুডে ডেস্ক

১৩ নভেম্বর, ২০১৬ ১২:১৪

নাসিরনগরে এবার পুড়িয়ে দেওয়া হলো হিন্দু জেলের জাল

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হিন্দু বাড়িতে আবারও আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১৩ নভেম্বর) ভোরে নাসিরনগর সদরের পশ্চিম পাড়ার জগন্নাথ মন্দির সংলগ্ন ছোট্ট দাসের জাল রাখার পরিত্যক্ত ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে জালসহ ঘরের অংশবিশেষ পুড়ে যায়। 

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমরা তদন্ত করে দেখছি।'

উল্লেখ্য,গত ২৮ অক্টোবর শুক্রবার নাসিরনগরের হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ দাসের ফেসবুক পাতায় 'ইসলামের অবমাননাকর' একটি পোস্ট পাওয়া যায়, যা জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ওই দিনই রসরাজের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করা হয়। পরদিন পুলিশ তাকে আটক করে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ফেসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত নাসিরনগরে ১৫টি মন্দিরসহ হিন্দুদের শতাধিক বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। এর পাঁচ দিন পর গত বৃহস্পতিবার গভীর রাতে কয়েকটি হিন্দু বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। 

আপনার মন্তব্য

আলোচিত