সিলেটটুডে ডেস্ক

১৩ নভেম্বর, ২০১৬ ১৯:৪৯

কমছে সোনার দাম

সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫১৭ টাকা পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে এ দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন দাম সোমবার থেকে সারা দেশে কার্যকর হবে।

জুয়েলার্স সমিতি রোববার (১৩ নভেম্বর) বিকেলে এ সিদ্ধান্ত জানিয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৬ হাজার ৮৮৯ টাকা, ২১ ক্যারেট ৪৪ হাজার ৬৭৩ টাকা এবং ১৮ ক্যারেটের দাম হবে ৩৮ হাজার ৪৯১ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৬ হাজার ১০ টাকা।

সারা দেশের বাজারে আজ পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৮ হাজার ৩৪৭ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ১৮৯ টাকা, ১৮ ক্যারেট ৩৯ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ২৭ হাজার ৫২৭ টাকায় বিক্রি হচ্ছে।

সমিতির সিদ্ধান্তের কারণে সোমবার থেকে ২২ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৫১৬ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ১০৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ৫১৭ টাকা কমছে। অন্যদিকে রুপার দাম প্রতি ভরিতে ২৯১ টাকা কমে এখন থেকে ভরি ১ হাজার ২২৪ টাকার পরিবর্তে ৯৩৩ টাকা হবে।

জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা জানান, "শনিবার সমিতির সভায় একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্যরা প্রতি সপ্তাহে আন্তর্জাতিক ও দেশের মার্কেটের সোনার দর যাচাই–বাছাই করবে। এর মাধ্যমে প্রতি সপ্তাহে দেশের বাজারে সোনার দাম হ্রাস বা বৃদ্ধি করার চেষ্টা করব আমরা।"

আপনার মন্তব্য

আলোচিত