১৪ নভেম্বর, ২০১৬ ১৪:৪৩
ছবি: ডেইলি স্টার
পুলিশের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সাঁওতালদের যুবকদের কোমর থেকে দড়ি ও হাতকড়া খুলে দিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
সোমবার (১৪ নভেম্বর) আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়ার করা রিট আবেদনের শুনানি করে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চে এই আদেশ দেন।
এর আগে আহত অবস্থায় আটকের পর হতকড়া পরিয়ে তিন সাঁওতাল যুবকের চিকিৎসা দেয়া কেন অবৈধ হবে না জানতে চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।
সাঁওতালদ যুবকদের হাতকড়া পরিয়ে চিকিৎসা দেয়ার একটি খবর ইংরেজি দৈনিক ডেইলি স্টারে প্রকাশিত হয়। এরপরই বিষয়টি নিয়ে নানান মহলে সমালোচনা হয়ে আসছে। প্রতিবেদনটি যুক্ত করে ওই নির্দেশনা চেয়ে রিটটি করা হয়।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, সাঁওতাল সম্প্রদায়ের চরণ সরেন, বিমল কিছকু ও দ্বিজেন টুডুকে হাতকড়া পরা অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকার সাঁওতাল-অধ্যুষিত মাদারপুর ও জয়পুর গ্রামে পুলিশ ও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের ওই সংঘর্ষ হয়। রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন চরণ সরেন, বিমল কিছকু ও দ্বিজেন টুডু। পরে তাঁদের আটক করে হাতকড়া পরিয়ে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আপনার মন্তব্য