সিলেটটুডে ডেস্ক

১৪ নভেম্বর, ২০১৬ ১৬:১৭

রিসা হত্যা: ওবায়দুলের বিরুদ্ধে অভিযোগপত্র

ঢাকার কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিসা (১৪) হত্যা মামলায় বখাটে ওবায়দুল খানের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট শাখায় এটি জমা দেওয়া হয়েছে বলে আজ সোমবার (১৪ নভেম্বর) জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাসউদ্দিন।

রিসা গত ২৪ আগস্ট পরীক্ষা শেষে স্কুলের সামনের পথচারী-সেতু দিয়ে সড়কের ওপারে যাওয়ার সময় বখাটে ওবায়দুল তাকে ছুরিকাঘাত করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৮ আগস্ট রিসা মারা যায়। ওই দিন তার মা তানিয়া হোসেন রমনা থানায় এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের একটি দরজির দোকানের কর্মী ওবায়দুলকে আসামি করে মামলা করেন।

৩১ আগস্ট সকালে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় বাজার থেকে স্থানীয় লোকজনের সহায়তায় ওবায়দুলকে গ্রেপ্তার করে ঢাকায় আনে পুলিশ। ওবায়দুলের গ্রামের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের মিরাটঙ্গী গ্রামে। পরের দিন তাঁর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডের প্রথম দিন ওবায়দুল খান রিসাকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেন।

আপনার মন্তব্য

আলোচিত