১৫ নভেম্বর, ২০১৬ ১৭:৩০
ফাইল ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের জন্য অধিগ্রহণ করা জমি থেকে সাঁওতালদের উচ্ছেদের কার্যক্রম কোন ক্ষমতাবলে করা হয়েছে, তা জানতে চেয়ে প্রশাসনকে আইনি নোটিশ পাঠিয়েছেন দুই সাঁওতাল।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সাঁওতাল দ্বিজেন টুডোর স্ত্রী অলিভিয়া হ্যামভ্রম এবং গণেশ মুরমোর স্ত্রী রুমিলা কিসকুর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়া ডাকযোগে এ নোটিশ পাঠান।
একই সঙ্গে নোটিশে গত ৬ নভেম্বর ওই জমি থেকে সাঁওতালদের উচ্ছেদের সময় তাদের উপর হামলা, তাদের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ, হত্যায় জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা প্রশাসনের কাছে জানতে চাওয়া হয়েছে।
নোটিশটি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র সচিব, শিল্প সচিব, পুলিশের মহাপরিদর্শক, গাইবান্ধার জেলা প্রশাসক, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি, গাইবান্ধার পুলিশ সুপার, গোবিন্দগঞ্জের ইউএনও ও ওসি এবং রংপুর সুগার মিলের ব্যবস্থাপককে।
নোটিশদাতাদের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া সম্প্রতি সংঘর্ষের পর গ্রেপ্তার সাঁওতালদের হাতকড়া পরা অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়ার খবর জেনে একটি রিট আবেদন করেন হাই কোর্টে। তাঁর আবেদনে হাই কোর্ট গতকাল সোমবার আহত চরণ সরেন ও বিমল কিসকোর কোমরের রশি ও হাতকড়া খুলে দিতে নির্দেশ দেন।
নোটিশ সম্পর্কে জ্যোতির্ময় বড়ুয়া জানান, ২৪ ঘন্টার মধ্যে নোটিশের জবাব না পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের জমিতে বসতি গড়া সাঁওতালদের চিনিকলের কর্মীরা তুলে দিতে গেলে সংঘর্ষ বাঁধে। তখন পুলিশ গুলি চালালে তিন সাঁওতাল নিহত হন, আহত হন বেশ কয়েকজন। সে সময় সাঁওতালদের বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ হয়। একচালা ঘরগুলো পুড়িয়ে দেওয়ার পর চিনিকল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে ট্রাক্টর দিয়ে মাটি সমান করে নেয়।
আপনার মন্তব্য