সিলেটটুডে ডেস্ক

১৬ নভেম্বর, ২০১৬ ১৪:৫১

ভূমিহীন সাঁওতালদের ঘর বানিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভূমিহীন সাঁওতালদের আশ্রায়ন প্রকল্পের আওতায় ঘর বানিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৬ নভেম্বর) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আসন্ন বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তার প্রস্তুতি নিয়ে এ আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাঁওতালদের মধ্যে যাদের বাড়ি-ঘর নেই, তাদের আশ্রায়ন প্রকল্পের আওতায় ঘর তৈরি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের জমিতে বসতি গড়া সাঁওতালদের চিনিকলের কর্মীরা তুলে দিতে গেলে সংঘর্ষ বাঁধে। তখন পুলিশ গুলি চালালে তিন সাঁওতাল নিহত হন, আহত হন বেশ কয়েকজন। সে সময় সাঁওতালদের বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ হয়। একচালা ঘরগুলো পুড়িয়ে দেওয়ার পর চিনিকল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে ট্রাক্টর দিয়ে মাটি সমান করে নেয়।

এ ঘটনার পর দেশব্যাপী সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে। সাঁওতালরা অভিযোগ করেন, এ হামলা-উচ্ছেদের পেছনে ইন্ধন দিয়েছেন স্থানীয় সাংসদ ও ইউপি চেয়ারম্যান।

আপনার মন্তব্য

আলোচিত