সিলেটটুডে ডেস্ক

১৭ নভেম্বর, ২০১৬ ১৯:৪৩

ফের জ্বালানি তেলের দাম কমানোর ইঙ্গিত অর্থমন্ত্রীর

শীঘ্রই জ্বালানি তেলের দাম কমানোর ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার সচিবালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, 'অনেকেই বলছেন বিনিয়োগ বাড়ছে। তেলের দাম কমলে আরও বাড়বে। জ্বালানি মন্ত্রণালয়কে বলা হয়েছে, দাম কমানোর প্রস্তাব দিতে। আগামী মাসে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এক বৈঠকে ওই প্রস্তাবের ওপর আলোচনা হবে।'

বিদ্যুতের দামও কমানো হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, 'জ্বালানি তেলের দাম কমালে বিদ্যুতের দামও সংশোধন হতে পারে; যা অর্থনীতির জন্য সহায়ক হবে।' তেলের দাম কমানোর পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।'

তেলের দাম কমলে সব সব কিছুর দাম কমবে বলে মন্তব্য করেন মুহিত।

আইএমএফের দক্ষিণ এশীয় অঞ্চলের প্রধান ব্রেন জে এতকেইনেরের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, 'আইএমএফের লোকজন বলেছে, অর্থনীতি ভালো চলছে। তবে কিছু চ্যালেঞ্জ আছে। বিশেষত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যেসব সুবিধা পায় তা ধরে রাখার চ্যালেঞ্জের কথা তারা উল্লেখ করেছে।'

আপনার মন্তব্য

আলোচিত