সিলেটটুডে ডেস্ক

১৯ নভেম্বর, ২০১৬ ১১:৫১

'উচ্চশিক্ষিত জাতিই পারে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে'

উচ্চশিক্ষিত জাতিই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৯ নভেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়। আমি খুব খুশি হতাম যদি অনুষ্ঠানে আসতে পারতাম।আফসোস লাগছে কেন আসলাম না। আশাকরি, ভবিষ্যতে আসবো।

প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরের পনেরোই আগস্টের পর ক্ষমতা দখলের পালা শুরু হয়। আমাদের মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র ও অর্থ তুলে দিয়ে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। ২১ বছর এদেশের মানুষ কষ্ট ভোগ করেছে। বিকৃত ইতিহাস তুলে ধরা হয়েছে। আমাদের একটি প্রজন্ম সম্পূর্ণ বঞ্চিত হয়েছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস থেকে। যেসব যুদ্ধাপরাধীদের ফাঁসি হয়েছে তাদের মন্ত্রী বানানো হয়েছে। তাদের হাতে তুলে দেওয়া হয়েছে লাখো শহীদের রক্তে রঞ্জিত পতাকা। ২১ বছর পর বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের উন্নয়নে কাজ শুরু করে।

ঘরের পাশে উচ্চশিক্ষার ব্যবস্থা করছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা মেডিকেল বিশ্ববিদ্যালয় করেছি। চট্টগ্রাম ও রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছি। প্রতিটি বিভাগে করবো। আগে একটি কৃষি বিশ্ববিদ্যালয় ছিল। আমরা অনেক কৃষি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল, মেরিন বিশ্ববিদ্যালয় করেছি। বেসরকারি উদ্যোক্তারা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন চাইল বলছি, অমুক জায়গায় করলে অনুমোদন পাবেন। তারা করছেন।  

চবি ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সুবর্ণ জয়ন্তী বক্তব্য দেন প্রফেসর ইমেরেটাস ড. আনিসুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।

সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। ধন্যবাদ বক্তব্য দেন চবির উপউপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

আপনার মন্তব্য

আলোচিত