২২ নভেম্বর, ২০১৬ ১৯:৩০
স্থানীয় সংসদ সদস্যকে (এমপি) ‘অতিথি না করায়’ রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে জঙ্গি ও মাদকবিরোধী সমাবেশ বাতিল করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৩টা থেকে অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও এমপির আপত্তির কারণে তা বাতিল করেছে পুলিশ।
বানেশ্বর আঞ্চলিক ডাল ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠানের একদিন আগে থেকেই এলাকায় মাইকিং করে লোকজন জমায়েত হওয়ার আহ্বান জানানো হয়। বানেশ্বর বাজারের কাচারি মাঠে মঞ্চও তৈরি করা হয়। তবে দুপুর হওয়ার আগেই মঞ্চ ফের ভেঙে ফেলা হয়।
পুঠিয়া থানা সূত্র মতে, জঙ্গি ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা ছিল রাজশাহী জেলা পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূঞার। স্থানীয় ব্যবসায়ী ওবায়দুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, পুঠিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) আসলাম উদ্দিন, পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান, পুঠিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস এম একরামুল হক, বানেশ্বর ইউপির চেয়ারম্যান গাজী সুলতান, পুঠিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি কাজী শরীফ, বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলীউজ্জামান মন্টু, বানেশ্বর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মুঞ্জুর রহমান ও বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল কালাম আজাদের।
সূত্রটি জানায়, পুঠিয়া থানা পুলিশের আহ্বানে স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গঠিত কমিউনিটি পুলিশিং ইউনিটের উদ্যোগে মঙ্গলবার বিকেল তিনটা থেকে বানেশ্বর বাজারের কাচারি মাঠে জঙ্গি ও মাদকবিরোধী এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ওই সমাবেশের বিষয়টি স্থানীয় এমপি আবদুল ওয়াদুদ দারাকে জানায়নি পুলিশ। এ নিয়ে ক্ষুব্ধ হন এমপি। তিনি নিজেই এ ধরনের অনুষ্ঠানে উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করে মঙ্গলবারের অনুষ্ঠানটি বাতিল করে নতুন করে দিন ঠিক করার নির্দেশ দেন। পুঠিয়া থানার পুলিশ এমপির নির্দেশ পাওয়ার পর অনুষ্ঠানটি বাতিল করতে বাধ্য হয় বলে নিশ্চিত করেছে পুলিশের একাধিক সূত্র।
তবে হঠাৎ করে সমাবেশটি বাতিল করায় স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেন, পুলিশ এমপিকে ছাড়া জঙ্গি ও মাদকবিরোধী সমাবেশ করতে পারবে না, সেটি আগে স্থানীয়দের জানালে তাঁরা কখনোই আজকে এ ধরনের আয়োজন করতেন না। কিন্তু আয়োজন করেও সেটি শেষ মুহূর্তে এসে পণ্ড হয়ে যাওয়ায় আয়োজকদের ভাবমূর্তি এলাকাবাসীর কাছে ক্ষুন্ন হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।
পুঠিয়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘এসপি স্যারের আরেকটি প্রোগ্রাম থাকায় তিনি থাকতে পারবেন না বলে সমাবেশটি শেষ মুহূর্তে এসে বাতিল করতে হয়েছে। এমপি সাহেব থাকতে পারবেন না বলে সমাবেশ বাতিল করার বিষয়টি ঠিক না।’
তবে পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন বলেন, ‘সমাবেশ কেন বাতিল করা হয়েছে, তা বলতে পারব না। তবে আগামীতে আবার এ ধরনের আয়োজন করা হবে। তখন সবাইকে একসঙ্গে নিয়েই আয়োজন করা হবে।’
বিষয়টি নিয়ে এমপি আব্দুল ওয়াদুদ দারা বলেন, ‘তারা পুলিশিং কমিটির উদ্যোগে একটি সমাবেশের আয়োজন করতে চেয়েছিল বলে শুনেছি। এ নিয়ে আমি কোনো আপত্তি তুলিনি। তবে আমি সেখানে থাকলে আরো ভালো হতো, এটা পুলিশ সুপারকে আমি বলেছি। আমি না থাকায় দলের লোকজনও মন খারাপ করছিল।’
আপনার মন্তব্য