সিলেটটুডে ডেস্ক

২৩ নভেম্বর, ২০১৬ ১২:২৯

ক্রীড়া প্রতিমন্ত্রীর বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রমনা থানা পুলিশ।

বুধবার (২৩ নভেম্বর) ভোরে এই লাশ উদ্ধার করা হয়।

ওই গৃহকর্মীর নাম মিলন। মিলন মাগুরা জেলার পোড়াগাছি ইউনিয়নে বিজন টিকাদারের ছেলে। তিনি গত ৩ বছর যাবত প্রতিমন্ত্রীর বাসায় গৃহকর্মী হিসাবে কর্মরত ছিলেন।

লাশ উদ্ধারের পর ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার সাংবাদিকদের জানান, প্রতিদিনের মতো তিনি খুব ভোরে ঘুম থেকে উঠেছিলেন বাইরে হাঁটতে যাওয়ার জন্য। ভোর সাড়ে ৫টার দিকে তিনি দেখতে পান ঘরের ভেতর গলায় গামছা ও লুঙ্গি পেঁচানো অবস্থায় মিলনের লাশ সিলিং ফ্যানের সাথে ঝুলছে। তখন তিনি পুলিশকে খবর দেন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে ভোর সাড়ে ৫টার মধ্যে মিলন লুঙ্গি ও গামছা দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সকাল সাড়ে ১০টার দিকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত