সিলেটটুডে ডেস্ক

২৪ নভেম্বর, ২০১৬ ২৩:৩৪

শরণার্থীর মর্যাদা পাবে না নতুন আসা রোহিঙ্গারা : পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের সীমান্ত থেকে বাস্তুভিটা ছেড়ে জীবন নিয়ে পালিয়ে আসা নিরীহ মুসলিম রোহিঙ্গাদের ‘কিছু অংশকে মানবিক কারণে’ আশ্রয় দিয়েছে বাংলাদেশ। তবে এসব রোহিঙ্গাকে ‘আপাতত’ শরণার্থীর মর্যাদা দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। রোহিঙ্গা ইস্যুতে শান্তিপূর্ণ আলোচনাই সমাধানের একমাত্র পথ বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ-মিয়ানমার সম্পর্ক নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঘণ্টা ব্যাপী কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর হাঙ্গেরি সফর নিয়ে সংবাদ সম্মেলনেও সাংবাদিকরা রোহিঙ্গা প্রসঙ্গটি উত্থাপন করেন। দুটি অনুষ্ঠানেই পররাষ্ট্রমন্ত্রী বর্তমান রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে এসব কথা বলেন। ব্রিফিংয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, নরওয়ে, ডেনমার্ক, ভারত, চীনের রাষ্ট্রদূত, হাই কমিশনারসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যু এবং মিয়ানমার-বাংলাদেশ সম্পর্ক নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

এ এইচ মাহমুদ আলী বলেন, ‘মিয়ানমার যেভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে এসেছে, সেখানে এই ধরনের সমস্যা তৈরি হয় দুটি প্রতিবেশী দেশের মধ্যে। এটি অবশ্যই সমাধান করা সম্ভব। শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে এর সমাধানই হলো একমাত্র পথ।’

আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে। এতে বেশ কিছু প্রাণহানির ঘটনাও ঘটছে মিয়ানমারের সীমান্ত অঞ্চলে মুসলিম রোহিঙ্গাদের ওপর সেই দেশের আইনশৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত হামলা চালাচ্ছে । সেখানকার সেনাবাহিনী রোহিঙ্গাদের আবাসস্থল ধ্বংস করে দিচ্ছে, নারী-পুরুষকে ধরে নিয়ে যাচ্ছে, এমনকি অবিবাহিত নারীদের ধর্ষণের অভিযোগ করা হয়েছে এসব প্রতিবেদনে।

এ নিয়ে জাতিসংঘসহ সারা বিশ্বের মানবাধিকার সংস্থাগুলোর সোচ্চার ভূমিকার মধ্যেই গত বুধবার কক্সবাজারে একটি অনুষ্ঠানে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) রোহিঙ্গাদের বাস্তুচ্যুত হওয়ার বিষয়টি স্বীকার করে।

বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক প্রশ্নের জবাবে মিয়ানমারের মংডু অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত বিজিপির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার সন লুইন স্বীকার করেন, দেশটির আইনশৃঙ্খলা বাহিনী সীমান্ত অঞ্চলে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, এর ফলে সেখানকার নিরীহ মুসলিম রোহিঙ্গারা গৃহহারা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত