২৮ নভেম্বর, ২০১৬ ০০:১৪
বাংলাদেশ বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রাপথে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণের ৪ ঘণ্টা পর ফের যাত্রা করে নিরাপদে হাঙ্গেরির বুদাপেস্টে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ বিমানটি বাংলাদেশ সময় রোববার রাত ১১টা ৫ মিনিটে (বুদাপেস্টের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে) বুদাপেস্টে পৌঁছায় বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান।
পানি সম্মেলনে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে এদিন সকালে বাংলাদেশ বিমানের বিবিসি ১০১১ (বিজি১০১১) ফ্লাইটে বুদাপেস্টের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন প্রধানমন্ত্রী। বিমান বহরে ‘রাঙা প্রভাত’ নাম পাওয়া বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজটিতে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীসহ ৯৯ জন যাত্রী এবং ২৯ জন ক্রু ছিলেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল রয়েছে।
যাত্রাপথে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় বিমানটি তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরি অবতরণ করে। পরে ত্রুটি সারিয়ে ‘টেস্ট রান’ দেখে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে বিমানটি সবাইকে নিয়ে হাঙ্গেরি রওনা হয়।
এদিকে প্রধানমন্ত্রীকে হাঙ্গেরি পৌঁছে দিতে বিকল্প ব্যবস্থা হিসেবে ঢাকা থেকে লন্ডনমুখী বিমানের বিজি০০১ ফ্লাইটকে ঘুরিয়ে তুর্কমেনিস্থানে নিয়ে যাওয়া হয়। তবে শেখ হাসিনা আগের বিমানেই বুদাপেস্টের দিকে রওনা হওয়ায় হিথ্রোগামী ‘আকাশপ্রদীপ’ আবার নির্ধারিত গন্তব্যে উড়াল দেয়।
হাঙ্গেরিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটাই প্রথম সফর। তার এই সফরে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের সরকারি-বেসরকারি পর্যায়ে চারটি সমঝোতা স্মারকে সই হওয়ার কথা রয়েছে। তিন দিনের এই সফর শেষে বুধবার সকালে দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
আপনার মন্তব্য