সিলেটটুডে ডেস্ক

৩০ নভেম্বর, ২০১৬ ০০:৫৯

ব্যক্তিগত গাড়িতে ‘উবার’ সেবায় আপত্তি বিআরটিএর

ব্যক্তিগত গাড়িতে নয় বাণিজ্যিক কারণে নিবন্ধিত গাড়িতে অ‌্যাপভিত্তিক ট‌্যাক্সি সেবা 'উবার' ব্যবহারে আপত্তি নেই সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)।

বুধবার দুপুরে 'উবার' ও মোটরবাইক সেবাদাতা প্রতিষ্ঠান 'স্যাম' (শেয়ার এ মোটরসাইকেল) অ্যাপের প্রতিনিধিরা বিআরটিএর চেয়ারম্যান নজরুল ইসলামের সঙ্গে বৈঠক করেন।

পরে বিআরটিএর চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, উবারের মাধ্যমে বাণিজ্যিক গাড়িতে যাত্রী পরিবহনে আপত্তি নেই বিআরটিএর। প্রচলিত আইনের অধীনে এ সেবা দিতে হবে। তবে ব্যক্তিগত গাড়িতে উবার ব্যবহার করা যাবে না।

তিনি বলেন, 'কেউ যদি উবারের মাধ্যমে ব্যক্তিগত গাড়িতে যাত্রী পরিবহন করেন তা অবৈধ। কেউ এমনটা করলে তা বন্ধে বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে।'

গত ২২ নভেম্বর বাংলাদেশে কার্যক্রম শুরুর কথা জানায় 'উবার'। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশে কার্যক্রম চালাতে অ‌্যাপ চালুর ঘোষণা দেওয়া হয়। এরপর গত শুক্রবার বিআরটিএ এক বিজ্ঞপ্তিতে জানায়, এই 'অনলাইনভিত্তিক ট্যাক্সি সার্ভিস' সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত হচ্ছে।

বিআরটিএ পরিচালক (প্রকৌশল) নুরুল ইসলাম জানান, উবার প্রতিনিধিরা তাদের বক্তব্য তুলে ধরেছেন। অনুমতির জন্য তাদের আবেদন করতে বলা হয়েছে। আবেদন পাওয়ার পর তা খতিয়ে দেখা হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান উবারের তিন প্রতিনিধি কাজী জুলকারনাইন, বিপ্লব শর্মা ও উৎসব আগরওয়াল। স্যামের পক্ষে উপস্থিত ছিলেন ইমতিয়াজ কাসেম। তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

আপনার মন্তব্য

আলোচিত