সিলেটটুডে ডেস্ক

০১ ডিসেম্বর, ২০১৬ ২১:১৬

চলতি বছর দেশে এইডস আক্রান্তের সংখ্যা ৫৭৮, মারা গেছেন ১৪১ জন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মো. নাসিম জানিয়েছেন, চলতি বছরে বাংলাদেশে এইচআইভি আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৫৭৮ জন এবং মারা গেছেন ১৪১ জন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিশ্ব এইডস দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘আসুন ঐক্যের হাত তুলি: এইচআইভি প্রতিরোধ করি’ শীর্ষক অনুষ্ঠানে মন্ত্রী এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, "১‌৯৮৯ সাল থেকে দেশে মোট এইচআইভি আক্রান্ত রোগী সংখ্যা ৪৭২১ জন এবং মৃত্যুবরণ করেছে ৭৯৯ জন। দেশে এইচআইভি সংক্রমণের হার শতকরা ০.১ এর নিচে। সবার ঐক্য ও সহযোগিতায় ২০৩০ সালের মধ্যে সম্পূর্ণভাবে এইডস নির্মূল করা সম্ভব হবে।"

জাতিসংঘের এইডস বিষয়ক সংস্থা ইউএন এইডসের প্রতিনিধি ড. সায়মা খান বলেন, "চলতি বছরে ৮৪ হাজার রোগীর মধ্য থেকে ৫৭৮ জন এইচআইভি পজিটিভ রোগী পাওয়া গেছে। আর এভাবে চলতে থাকলে দেশে ২০৩০ মধ্যে এইচআইভি আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াবে ১ লাখ ।’ এশিয়া প্যাসিফিক অঞ্চলে এইচআইভি আক্রান্ত ৪১ শতাংশ মানুষ চিকিৎসা পায় আর বাংলাদেশে চিকিৎসা পায় মাত্র ২০ শতাংশ মানুষ বলেও এসময় জানান তিনি।"

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মহাসচিব ড. ইকবাল আর্সনাল, সরকারের জাতীয় এইডস/এসটিডি প্রোগ্রামের পরিচালক ও লাইন ডিরেক্টর ডা. মো. আনিসুর রহমান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ডা. শরফুদ্দিন আহমেদ, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক ডা. মো. ওয়াহিদ হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত