০৩ ডিসেম্বর, ২০১৬ ১২:২৩
মোবাইল অ্যাপভিত্তিক ট্যাক্সিসেবা নেটওয়ার্ক ‘উবার’ ঢাকায় চলাচল করতে যৌক্তিক সমাধানে পৌছার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (০৩ ডিসেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) আয়োজিত এক সচেতনতামূলক ক্যাম্পইনে অংশ নিয়ে তিনি বলেন, মোবাইল অ্যাপভিত্তিক ট্যাক্সিসেবা নেটওয়ার্ক ‘উবার’ নিয়ে শিগগিরিই যৌক্তিক সমাধানে পৌছাবো। আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলবো আর একে স্বাগত জানাবো না এটা হয় না। কিন্তু এজন্য একটি লিগ্যাল ফ্রেমে আসতে হবে।
তিনি বলেন, আইন করবো জনগণের স্বার্থে, কাজেই এটি যেন সহজ হয়, কঠিন হলে জনস্বার্থে কাজে আসবে না। তাই জনস্বার্থে যেভাবে আসবে সেভাবেই আইন করা হবে।
মঙ্গলবার (২২ নভেম্বর) রাজধানী ঢাকায় স্মার্টফোন অ্যাপ্লিকেশন (অ্যাপ) নির্ভর ট্যাক্সি পরিবহনসেবা ‘উবার’ চালু হয়েছে। দক্ষিণ এশিয়ার ৩৩তম শহর হিসেবে ঢাকায় এ কার্যক্রম শুরু করল প্রতিষ্ঠানটি। ওয়াল স্ট্রিট জার্নাল-এর হিসাব অনুযায়ী, বিশ্বের সবচেয়ে মূল্যবান স্টার্টআপ বা নতুন ব্যবসায় উদ্যোগ হলো উবার। বিশ্বের ৪৫০টির বেশি শহরে এর কার্যক্রম চালু আছে। তবে ঢাকায় চালুর পরই বিআরটিএ এটি নিষিদ্ধ করে।
আপনার মন্তব্য