সিলেটটুডে ডেস্ক

০৩ ডিসেম্বর, ২০১৬ ১৭:৫৩

‘বিএনপির ইসি পুনর্গঠনের প্রস্তাব দেখবেন রাষ্ট্রপতি’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে দেয়া প্রস্তাব নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কিছু বলার নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে রাষ্ট্রপতি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন তিনি। শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা এসব কথা বলেন।

অচিরেই শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। সম্প্রতি এই কমিশন পুনর্গঠন নিয়ে খালেদা জিয়া একটি পূর্ণাঙ্গ প্রস্তাব দিয়েছেন। একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকার এ নিয়ে তাদের সঙ্গে আলোচনা করবে বলে আশা করছে বিএনপি।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা খালেদা জিয়ার নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে দেয়া প্রস্তাব নিয়ে জানতে চাইলে তিনি বিএনপির ৫ জানুয়ারির নির্বাচন বর্জন, ভোটের সময় হামলা-ভাঙচুর, তার পরবর্তী বিভিন্ন সময়ে পেট্রলবোমা হামলা ও মানুষের প্রাণনাশের ঘটনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘যে কোনো প্রস্তাব দেওয়ার আগে তাঁর (খালেদা জিয়া) তো জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল। তিনি মানুষকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছেন। ২০১৩, ২০১৪ এবং ২০১৫ একটু হিসাব করে দেখেন কত মানুষকে তিনি পুড়িয়ে মেরেছেন।’

তিনি আরো বলেন, ‘তাঁর (খালেদা জিয়া) তো আগে ক্ষমা চাওয়া উচিত ছিল। কোথায় না তখন হামলা হয়েছে। সাধারণ মানুষ, আইনশৃঙ্খলা বাহিনী ও শ্রমজীবী মানুষকে হত্যা করা হয়েছে। আগে এর জবাবটা দিক। তারপর ওনার প্রস্তাব নিয়ে কথা বলব।’ ‘ঠিক আছে, ওনার প্রস্তাব উনি দিয়েছেন। রাষ্ট্রপতিকে বলুক, রাষ্ট্রপতি ভালো বুঝবেন, তিনি কী পদক্ষেপ নেবেন। রাষ্ট্রপতি যে পদক্ষেপ নেবেন সেটাই হবে। এখানে আমাদের কিছু বলার নেই’, যোগ করেন প্রধানমন্ত্রী।

আপনার মন্তব্য

আলোচিত