সিলেটটুডে ডেস্ক

০৪ ডিসেম্বর, ২০১৬ ১২:২৭

নিঃশর্ত ক্ষমা চাইলেন চাঁপাইনবাবগঞ্জের এসপি

‘ডাকাত যদি হাতেনাতে পান, তো জলজ্যান্ত ওটাকে পিষে মেরে ফেলুন’- এমন বক্তব্য দেয়া চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) টি এম মোজাহিদুল ইসলাম নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।

রোববার (৪ ডিসেম্বর) হাইকোর্টে হাজির হয়ে তিনি ক্ষমা চেয়ে আবেদন করেন।

মোজাহিদুল ইসলামকে আজ (৪ ডিসেম্বর) সকালে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। ‘চাঁপাইনবাবগঞ্জের এসপি: ডাকাত হাতেনাতে পেলে পিষে মেরে ফেলুন’ শিরোনামে একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন বিবেচনায় নিয়ে গত রোববার হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ ওই তলবের আদেশ দিয়েছিলেন।

এসপি'র পক্ষে ছিলেন আইনজীবী শফিক আহমেদ, ইউসুফ হোসেন হুমায়ুন, মাহবুব শফিক প্রমুখ।

মাহবুব শফিক জানান, এসপি মোজাহিদুল ইসলাম আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে একটি আবেদন করেছেন। আজ দুপুরে এই আবেদনের শুনানি হবে।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল চত্বরে গত ২৫ নভেম্বর চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে এসপি মোজাহিদুল বলেছিলেন, ‘ডাকাত যদি হাতেনাতে পান, তো জলজ্যান্ত ওটাকে পিষে মেরে ফেলুন।’

আপনার মন্তব্য

আলোচিত