সিলেটটুডে ডেস্ক

০৫ ডিসেম্বর, ২০১৬ ০১:৫১

আত্মহত্যা প্রতিহতের পুরষ্কার পেলেন রেলওয়ের সেই গেটম্যান


নিজের জীবনের ঝুঁকি নিয়ে আত্মহত্যার চেষ্টাকারী এক যুবকের প্রাণ রক্ষা করায় অস্থায়ী গেটম্যান বেলাল হোসেন মজুমদারকে পুরস্কৃত করেছে রেলওয়ে।

রোববার রেলভবনে তাকে সংবর্ধনা দেওয়া হয়। রেলমন্ত্রী মুজিবুল হক তাকে রেলওয়ের পক্ষ থেকে এক লাখ টাকা পুরস্কার দেন।

গত ২১ নভেম্বর নারায়ণগঞ্জের চাষাঢ়া লেভেল ক্রসিংয়ে মামুন নামের এক যুবক আত্মহত্যার উদ্দেশ্যে রেললাইনের ওপর শুয়ে পড়েন। এ সময় একটি ট্রেন দ্রুতগতিতে ছুটে আসছিল। তখন কর্তব্যরত গেটম্যান বেলাল হোসেন জীবনের ঝুঁকি নিয়ে মামুনকে লাইন থেকে টেনে তোলেন। তার জীবন রক্ষা করেন। রেলগেটের সিসি ক্যামেরায় এ দৃশ্য ধরা পড়ে। বেলাল হোসেন ৩৫ বছর ধরে অস্থায়ী গেটম্যান হিসেবে চাকরি করছেন।

বেলাল মজুমদারের সাহসিকতার প্রশংসা করে রেলমন্ত্রী বলেন, 'নিজের জীবন বাজি রেখে যে অন্যকে বাঁচাল, সে শুধু রেলওয়ের নয়, দেশের গর্ব। রেলওয়ের লোকজন এভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে থাকে।'

এ সময় বেলাল হোসেন তার চাকরি স্থায়ীকরণের আবেদন জানান। মন্ত্রী এর জবাবে জানান, বয়সের কারণে তার চাকরি স্থায়ীকরণের আর সুযোগ নেই। তবে বিশেষ বিবেচনার জন্য রাষ্ট্রপতি বরাবর আবেদন করা হবে অথবা তার ছেলেমেয়ের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত