সিলেটটুডে ডেস্ক

০৬ ডিসেম্বর, ২০১৬ ১৪:২৫

নিজাম হাজারীর এমপি পদ নিয়ে হাইকোর্টের দ্বিধা বিভক্ত রায়

ফেনী-২ আসনের সরকারদলীয় সাংসদ নিজাম হাজারীর সংসদ সদস্য পদ নিয়ে দ্বিধা বিভক্ত রায় দিয়েছেন হাইকোর্ট।

নিজাম হাজারীর এমপি পদের বৈধতা নিয়ে জারি করা এক রুলের শুনানি শেষে মঙ্গলবার (৬ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি এফআরএম নাজমুল আহসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

বিচারপতি মো. এমদাদুল হক নিজাম হাজারীর সংসদ সদস্যপদকে অবৈধ ঘোষণা করে রায় দিলেও এই রায়ে ভিন্ন মত পোষণ করেছেন অপর বিচারপতি এফ আর এম নাজমুল আহসান।

ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ার পর নির্ধারিত পাঁচ বছর পার হওয়ার আগেই নিজাম হাজারী ফেনী-২ আসন থেকে এমপি হয়েছেন- এই অভিযোগে ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন ভূঁইয়া ২০১৪ সালে এই রিট আবেদন করেছিলেন।

নিজাম হাজারীর আইনজীবী সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, “বিষয়টি এখন প্রধান বিচারপতির কাছে যাবে। তিনিই বিষয়টি নিষ্পত্তির জন‌্য একটি বেঞ্চ ঠিক করে দেবেন।”

ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারী ২০১৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

আপনার মন্তব্য

আলোচিত