০৬ ডিসেম্বর, ২০১৬ ১৫:৩৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৭ বছর।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর গুলশানের একটি জাপানি রেস্তোরাঁয় তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তাঁর লাশের ময়নাতদন্ত হবে বলে জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আসিফ কবির শাকিলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
১৯৬৮ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন শাকিল। তাঁর বাবা জহুরুল হক খোকা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমানে জেলা পরিষদের প্রশাসক। মা শিক্ষকতা করেন। তিনি এক কন্যা সন্তানের জনক।
শাকিল নিয়মিত কবিতা লিখতেন। ‘খেরোখাতার পাতা থেকে’ ও ‘মন খারাপের গাড়ী’ নামে তার দুটি বই প্রকাশিত হয়েছে। এক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যম বিষয়ক বিশেষ সহকারীর দায়িত্বে থাকা শাকিল সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। তার ছোট ভাইও একজন সাংবাদিক।
শাকিলের স্ত্রী একজন আইনজীবী, তাদের স্কুলপড়ুয়া একটি মেয়ে রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি। তখনই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে আসেন তিনি। প্রথমে সাংগঠনিক সম্পাদক ও পরে জ্যেষ্ঠ সহ-সভাপতি হন তিনি।
২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পরে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সেল সিআরআই গঠিত হলে তা পরিচালনার দায়িত্ব পান শাকিল।
২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের দায়িত্ব পান তিনি। চার বছর পর তাকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) করা হয়।
এরপর ২০১৪ সাল থেকে অতিরিক্ত সচিব মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর দায়িত্বে ছিলেন শাকিল।
আপনার মন্তব্য