সিলেটটুডে ডেস্ক

০৭ ডিসেম্বর, ২০১৬ ২২:৫৫

শ্রদ্ধা আর ভালোবাসায় নিজভূমে শায়িত শাকিল

শাকিলের জানাজার ছবি, ফেসবুক থেকে

সহস্র মানুষের ভালোবাসায় ময়মনসিংহে নিজ বাড়ির মাটিতে শায়িত হলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।

বুধবার বাদ মাগরিব ময়মনসিংহের কেন্দ্রিয় আঞ্জুমান ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে ভাটিকাশর গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ তার প্রথম দফা জানাজা অনুষ্ঠিত হয়েছিল। বিপুল সংখ্যক মানুষ তরুণ এই নেতাকে শেষ শ্রদ্ধা জানান।

জানা যায়, ধর্মমন্ত্রী মতিউর রহমান, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী,  বিভাগীয় কমিশনার জিএম সালেউদ্দিন, ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত ডিআইজি আক্কাছ উদ্দিন ভুঁইয়া, শাকিলের বাবা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক জহিরুল হক খোকাসহ সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মীরা জানাজায় অংশগ্রহণ করেন।

আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও আবু সাইদ আল মাহমুদ স্বপন, কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনও জানাজায় উপস্থিত ছিলেন।

বিকেলে টাউন হল চত্বরে মাহবুবুল হক শাকিলকে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। বেলা আড়াইটার সময় ঢাকা থেকে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স শহরের বাঘমারার নিজ বাসায় এসে পৌঁছালে পরিবারের সদস্য, স্বজন ও দলীয় নেতাকর্মীদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ। মাহবুবুল হক শাকিলকে শেষ বারের মতো এক নজরে দেখতে সকাল থেকেই বাসার সামনে ভিড় করতে থাকে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর গুলশানের একটি জাপানি রেস্তোরাঁয় তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
১৯৬৮ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন শাকিল। তাঁর বাবা জহুরুল হক খোকা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমানে জেলা পরিষদের প্রশাসক। মা শিক্ষকতা করেন। তিনি এক কন্যা সন্তানের জনক।
শাকিল নিয়মিত কবিতা লিখতেন। ‘খেরোখাতার পাতা থেকে’ ও ‘মন খারাপের গাড়ী’ নামে তার দুটি বই প্রকাশিত হয়েছে। এক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ‌্যম বিষয়ক বিশেষ সহকারীর দায়িত্বে থাকা শাকিল সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। তার ছোট ভাইও একজন সাংবাদিক।

শাকিলের স্ত্রী একজন আইনজীবী, তাদের স্কুলপড়ুয়া একটি মেয়ে রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি। তখনই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে আসেন তিনি। প্রথমে সাংগঠনিক সম্পাদক ও পরে জ‌্যেষ্ঠ সহ-সভাপতি হন তিনি।

২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পরে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সেল সিআরআই গঠিত হলে তা পরিচালনার দায়িত্ব পান শাকিল।

২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের দায়িত্ব পান তিনি। চার বছর পর তাকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) করা হয়।

এরপর ২০১৪ সাল থেকে অতিরিক্ত সচিব মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর দায়িত্বে ছিলেন শাকিল।

আপনার মন্তব্য

আলোচিত