০৯ ডিসেম্বর, ২০১৬ ১৫:১৯
বরিশালের আগৈলঝাড়া থেকে নিখোঁজ সেই মাদ্রাসা ছাত্রের (১৬) খোঁজ পাওয়া গেছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) ভোরে ঢাকার গেন্ডারিয়ায় তার খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছে গেন্ডারিয়া থানার পুলিশ।
গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) চম্পক চক্রবর্তী জানান, গেন্ডারিয়ার কদমরসুল মোড়সংলগ্ন মোখলেসের হোটেল থেকে উদ্ধার করে তাকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে আসে।
ওই ছাত্র পুলিশকে জানিয়েছে, বাবার ওপর রাগ করে সে ঢাকায় চলে আসে। সে যে মাদ্রাসায় পড়ছে, বাবা সে মাদ্রাসার মাসিক বেতন ঠিকমতো দিচ্ছিলেন না। তার হাতখরচও দেননি।
গেন্ডারিয়া থানা থেকে আগৈলঝাড়ার থানায় যোগাযোগ করা হয়েছে। উদ্ধার হওয়া কিশোরকে তাদের কাছে হস্তান্তর করা হবে।
বরিশালের আগৈলঝাড়ার জামিয়াতুল নাফিজিয়া মাদ্রাসার ১৬ বছর বয়সী এক ছাত্র ছয় দিন ধরে নিখোঁজ রয়েছে বলে গত রোববার রাতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডিতে বলা হয়, ১০ দিনের ছুটি শেষে গত ২৭ নভেম্বর মাদ্রাসায় ফিরে আসে ছেলেটি। গত ৩০ নভেম্বর জোহরের নামাজ আদায় করে সে মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। এর পর আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে তাকে পাওয়া যায়নি।
ওই কিশোর নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর তার মায়ের ফোনে ক্ষমা চেয়ে তার নামে একটি খুদে বার্তা আসে। এতে লেখা ছিল, ‘মা, আমাকে ক্ষমা করো। আমি যেথায় থাকি না কেন চিন্তা করবে না।’
গত ৩০ নভেম্বর বাসা থেকে বেরিয়ে যায় ওই মাদ্রাসাছাত্র। সে স্থানীয় মার্কাজ মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল। এর আগে তার মোবাইল কল রেকর্ডসের তথ্য অনুযায়ী তার সর্বশেষ অবস্থান ঢাকায় বলে জানিয়েছিলো পুলিশ।
আপনার মন্তব্য