সিলেটটুডে ডেস্ক

১০ ডিসেম্বর, ২০১৬ ১৮:২০

থাকবে না ৫৭ ধারা, আসছে ডিজিটাল নিরাপত্তা আইন

ফাইল ছবি

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানিয়েছেন, পরিবর্তন করা হচ্ছে সমালোচিত ও বিতর্কিত তথ্য প্রযুক্তি আইনের (আইসিটি অ্যাক্ট) ৫৭ ধারা। এর পরিবর্তে প্রণয়ন করা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন (ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট)।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার দিবস-২০১৬ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এক আলোচকের ৫৭ ধারা বিষয়ক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ২০০৬ সালে তথ্য প্রযুক্তি আইনটি করা হয় মূলত ‘ইলেকট্রনিক সিগনেচার’কে বৈধতা দেওয়ার জন্য। পরে ২০১৩ সালে এতে কিছু সংশোধনী আনা হয় এবং ৫৭ ধারাকে সেই সংশোধনীর (অ্যামেন্ডমেন্ট) মধ্যে যুক্ত করা হয়।

তিনি বলেন, এই ৫৭ ধারা নিয়ে সুশীল সমাজে কিছু প্রশ্ন উঠেছে। বলা হচ্ছে আইনের এই ধারাটি মানুষের বাক স্বাধীনতা খর্ব করাসহ অন্যান্য ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা তৈরি করছে। আর সে জন্যই ৫৭ ধারাকে অগ্রাধিকার দিয়ে নতুন একটি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হচ্ছে।

সভায় কি-নোট পেপার উপস্থাপন করেন ব্যারিস্টার এম. আমির-উল ইসলাম। জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশের (এনএইচআরসিবি) চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন এনএইচআরসিবি এর পূর্ণকালীন সদস্য মো. নজরুল ইসলাম।

আপনার মন্তব্য

আলোচিত