নিজস্ব প্রতিবেদক

১১ ডিসেম্বর, ২০১৬ ১৯:৪৪

বিশ্ববিদ্যালয় বলে- রোকেয়া, পত্রিকা বলে- সুফিয়া

বিশ্ববিদ্যালয়ের মতে- ছবিটি বেগম রোকেয়া সাখাওয়াতের। আর অনলাইন পত্রিকার দাবি- ছবির নারী কবি সুফিয়া কামাল। আদতে যদিও ছবিটি এই দু'জনের কারোরই ছিলো না। ছিলো 'বেগম' পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের।

ঘটনার সূত্রপাত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিদ্যালয় আয়োজিত একটি অনুষ্ঠানের ব্যানার থেকে। নারী জাগরণের এই অগ্রদূতের ১৩৬তম জন্ম ও ৮৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ মাহফিলের আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হল। বেগম রোকেয়ার জন্য আয়োজিত এই অনুষ্ঠানের ব্যানারে ব্যবহার করা হয় আরেক মহিয়সী নারী সদ্যপ্রয়াত নুরজাহান বেগমের ছবি।

এনিয়ে ফেসবুকে নানা সমালোচনার মধ্যে রোববার ব্যানারের এই 'ভুল'টি নিয়ে একটি সংবাদ প্রকাশ করে 'পিরোজপুরবার্তা' নামের একটি অনলাইন পত্রিকা। তবে পত্রিকায়ও নুরজাহান বেগম ছবিকে কবি সুফিয়া কামালের বলে উল্লেখ করা হয়। এই পত্রিকায় প্রতিবেদন শিরোনাম করা হয়- 'কে রোকেয়া আর কে সুফিয়া চেনেনা বাকৃবি!'

বেগম রোকেয়া এবং নুরজাহান বেগমকে চিনতে বিশ্ববিদ্যালয়ের ভুল ও তা ধরিয়ে দিতে অনলাইন পত্রিকারও ভুল করে বসা নিয়ে ফেসবুকে অনেককেই হাসিঠাট্টা করতে দেখা যায়। কেউ দুই কর্তৃপক্ষের উদাসীনতার সমালোচনাও করেন।

তবে এই প্রতিবেদন লেখার সময় 'পিরোজপুরবার্তা' নামের অনলাইন পত্রিকাটিতে ঢুকে দেখা গেছে, সেখানে শিরোনাম সংশোধন করে- 'কে রোকেয়া আর কে নূরজাহান চেনেনা বাকৃবি!' লিখা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত