সিলেটটুডে ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০১৬ ১৩:১২

সাঁওতাল পল্লীতে ‘পুলিশের’ আগুন: বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে আগুন দেওয়ার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সাঁওতালদের বাড়িঘরে পুলিশ আগুন লাগিয়েছে বলে অভিযোগ ওঠেছে। একটি ভিডিওচিত্রেও পুলিশকে আগুন লাগাতে দেখা গেছে।

তবে পুলিশের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করে ভিডিওটি তদন্ত করে দেখার কথা বলা হয়েছে। এ অবস্থায় এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ আসলো।

বুধবার দুপুরে বিচারপতি ওবায়দুল হাসান ও কৃষ্ণা দেবনাথের বেঞ্চ এ আদেশ দেন।

আগুন দেওয়ার ঘটনা তদন্তে ওই জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন চেয়ে রিটকারী আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাঁওতালদের ঘরবাড়িতে আগুন দেওয়াসহ তাদের উচ্ছেদ, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিসহ দুটি রিটের ওপরে আজ বুধবার পূর্ব নির্ধারিত শুনানির সময় গণমাধ্যমের একটি প্রতিবেদনের ব্যাপারে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করা হয়।

এই প্রতিবেদনটি দেখে এ আগুন দেওয়ার ঘটনার ব্যাপারে তদন্তের জন্য গাইবান্ধা জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন হাইকোর্ট। এ সংক্রান্ত প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে আদালতে দাখিল করার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর চিনিকল এলাকার জমিকে ঘিরে সাঁওতালদের ওপর হামলার ঘটনায় ২১ নভেম্বর বিচার বিভাগীয় কমিশন চেয়ে হাইকোটে রিট দায়ের করা হয়েছে। একই ঘটনায় পৃথক আরেকটি রিট দায়ের করে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

গত ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারে ইক্ষু কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে তিন সাঁওতাল মারা যান। গুলিবিদ্ধ হন আরও চারজন। সাঁওতালদের ছোড়া তীরে আহত হন নয় পুলিশ। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে ইক্ষু খামারের জমি থেকে সাঁওতালদের বসতি উচ্ছেদ করে। এ সময় তাদের বসত-ঘরগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

পুলিশ সদস্যরাই এসব বসতিতে আগুন দিয়েছিল বলে প্রথম থেকেই অভিযোগ করে সাঁওতালরা। সম্প্রতি মধ্যপ্রাচ্যভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় প্রচারিত সংবাদ ও ভিডিওতে পুলিশ সদস্যদের সাঁওতালদের বাড়িঘরে আগুন লাগাতে দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, দাঙ্গা পুলিশের ২০-৩০ সদস্যের একটি দল রাস্তা ধরে সাঁওতালদের বসতির দিকে এগিয়ে যাচ্ছে। একপর্যায়ে কয়েকটি বাড়ির সামনে পুলিশ সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের সঙ্গে সাদা পোশাকধারী দুই পুলিশ সদস্যকেও দেখা গেছে।

আপনার মন্তব্য

আলোচিত