১৫ ডিসেম্বর, ২০১৬ ১০:২৩
ছবি: জুয়েল
ইন্দোনেশিয়া থেকে আনা নতুন আরও ১৫০টি কোচের অংশ থেকে ঢাকা-দিনাজপুর রুটে একতা এক্সপ্রেস ও দ্রুতযান নামে ট্রেন দু’টি নতুন কোচের মাধ্যমে যাত্রা শুরু করলো।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে কমলাপুর স্টেশনে রেলমন্ত্রী মুজিবুল হক একতা এক্সপ্রেস সার্ভিসের উদ্বোধন করেন। সিডিউল অনুযায়ী, সকাল ১০টায় ঢাকা থেকে একতা এক্সপ্রেস দিনাজপুরের উদ্দেশে ছেড়ে যায় । আর রাত ৮টায় ছাড়বে দ্রুতযান।
অপরদিকে, দিনাজপুর থেকে সকাল ৭টা ৪০ মিনিটে একতা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে। আর দ্রুতযান ছাড়বে রাত ১০টায়।
ট্রেন দু’টিতে মোট কোচ ১২টি, আসন সংখ্যা ৮৫২টি। এরমধ্যে গার্ড ব্রেকার, খাবার গাড়ি, ব্রেকভ্যান সুবিধা থাকবে। দু’টি কোচে আসন থাকবে ৫৫টি করে মোট ১১০টি। শোভন চেয়ার ৬টিতে কোচ আসন ৯২টি করে ৫৫২টি। এসি স্লিপার একটি কোচ আসন থাকবে ৪৮টি। ননএসি স্লিপার কোচ আসন ৪৮টি। এছাড়া এসি চেয়ার একটি কোচ থাকবে। যার আসন সংখ্যা ৮০টি। পাওয়ার কার একটি কোচের আসন সংখ্যা ১৬টি।
তালিকাতে প্রদর্শিত তথ্য অনুযায়ী, ঢাকা থেকে দিনাজপুরের দূরত্ব ৪৯০ কিলোমিটার। সুলভে ভাড়া ২৩৫ টাকা, শোভনে ৩৯০ টাকা, প্রথম চেয়ার সিট ৬২০ টাকা, প্রথম বার্থ ৯৩০ টাকা, এসি সিট ১ হাজার ৭০ টাকা আর এসি বার্থ ১ হাজার ৬৯৯ টাকা।
প্রতি ট্রেনে মোট এক হাজার যাত্রী বহন করা যাবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ঋণ সহায়তায় এই ব্রডগেজ কোচ আমদানি করা হয়।
এই বছর নতুন কোচ নিয়ে ঢাকা-চট্টগ্রাম রুটে সম্পূর্ন নতুন ট্রেন সোনার বাংলা চালু হয়। নতুন কোচ পায় রাজশাহী রুটের সিল্কসিটি, পদ্মা। খুলনা রুটের চিত্রা ও সুন্দরবন এক্সপ্রেস। নতুন কোচ পায় উত্তরবঙ্গের আরেক ট্রেন তিস্তা। এছাড়া পূর্বাঞ্চল রেলওয়ের সিলেট রুটের পারাবত এক্সপ্রেসও চলছে নতুন কোচ নিয়ে।
আপনার মন্তব্য