নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০১৬ ২০:১৪

বিচারপতি জেএন দেব আর নেই, বিভিন্ন মহলের শোক

বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জ‌্যোতির্ময় নারায়ন দেব চৌধুরী (জেএন দেব চৌধুরী) আর নেই। বৃহস্পতিবার বিকেল ৪টা ১০ মিনিটে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত‌্যুবরণ করেন।

সিলেট নগরীর কাষ্টঘর এলাকায় জন্মগ্রহণকারী এ বিচারপতি ক‌্যান্সারে ভুগছিলেন। মৃত‌্যুকালে তার বয়স হয়েছিলা ৫১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

তার পিতা প্রয়াত জিতেন্দ্র নারায়ন দেব চৌধুরী ও মাতা খুশি রানী চৌধুরী।

১৬ ডিসেম্বর শুক্রবার সকালে তাঁর মরদেহ নগরীর কাষ্টঘরে তার নিজ বাসভবনে নিয়ে আসা হবে এবং তার চালিবন্দর মহাশ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পারিবারিক সদস‌্যরা জানিয়েছেন।

তাঁর মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য শুক্রবার বিকাল ৪টায় সিলেট জজ কোর্ট প্রাঙ্গণে রাখা হবে বলে জানিয়েছে সিলেট জেলা আইনজীবী সমিতি।

বিচারপতি জ‌্যোতির্ময় নারায়ন দেব ১৯৬৫ সালের ১৫ মার্চ জন্মগ্রহণ করেন। সিলেটে প্রাথমিক ও উচ্চ মাধ‌্যমিক শিক্ষাজীবন শেষে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ‌্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রী লাভ করেন।

পরবর্তীতে তিনি ১৯৯০ সালের ১৬ এপ্রিল থেকে সিলেট জজ কোর্ট, ১৯৯২ সালের ১১ মে থেকে হাইকোর্ট ডিভিশন ও ২০০১ সালের ৪ নভেম্বর থেকে আপিলেট ডিভিশনের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে গত বছরের ১২ ফেব্রুয়ারি তিনি সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের সহযোগী বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।

তিনি আইন শিক্ষার্থীদের জন‌্য “লেবার এন্ড ইন্ডাস্ট্রিয়াল ল” নামে একটি বই এর রচয়িতা।

শোক:

বিচারপতি জ্যোর্তিময় নারায়ন দেব চৌধুরীর মৃত‌্যুতে শোক জানিয়েছে সিলেট জেলা আইনজীবী সমিতি। বৃহস্পতিবার রাতে প্রেরিত এক শোকবার্তায় সমিতির সভাপতি ‌অ‌্যাডভোকেট একেএম শমিউল আলম ও সাধারণ সম্পাদক অ‌্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম (আশরাফ) তাঁর মৃত‌্যুতে শোক জানান ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়াও বিচারপতি জ্যোর্তিময় নারায়ন দেব চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ‌্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

আপনার মন্তব্য

আলোচিত