সিলেটটুডে ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০১৬ ১২:৫১

সাঁওতালদের জন্যে সুপ্রিম কোর্ট প্রশাসনের ত্রাণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ক্ষতিগ্রস্ত সাঁওতালদের মধ্যে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার উদ্যোগে এ ত্রাণ বিতরণের কার্যক্রম হাতে নেওয়া হয়।

শনিবার (১৭ ডিসেম্বর) সকালে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম এ অর্থ সহায়তা নিয়ে সেখানে পৌঁছান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিহত দুই সাঁওতাল পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
 
এ ছাড়া ক্ষতিগ্রস্ত ১৭৮টি সাঁওতাল পরিবারকে ১০ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়ার পাশাপাশি তিন শ কম্বল বিতরণ করবে সুপ্রিম কোর্ট প্রশাসন। এই অর্থ সহায়তা ও কম্বল বিতরণের বিষয়টি জানিয়েছেন হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েস।
 
তিনি বলেন, শীত মৌসুমে সাঁওতালরা খোলা আকাশের নিচে বসবাস করছেন। মানবিক দৃষ্টিকোণ থেকে প্রধান বিচারপতি এই আর্থিক সহায়তার উদ্যোগ গ্রহণ করেছেন। সুপ্রিম কোর্টের নিজস্ব তহবিল থেকে এই সহায়তা প্রদান করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর রংপুর সুগার মিলের আখ মাড়াই নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এর ধারাবাহিকতায় সাঁওতালপল্লিতে আগুন দেওয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত