সিলেটটুডে ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০১৬ ১৭:৫০

২০২৪ সালে উন্নত দেশ হতে পারে বাংলাদেশ

সিপিডি অনুষ্ঠানে বক্তারা

বাংলাদেশ ২০২৪ সালে স্বল্প উন্নত দেশ থেকে বের হয়ে উন্নত দেশে পরিণত হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশকে মাথাপিছু আয়ের চেয়ে মানবসম্পদের উন্নয়নকে বেশি প্রাধান্য দিতে হবে বলে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) পক্ষ জানানো হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘আংকটাড রিপোর্ট’ প্রকাশ অনুষ্ঠানে এসব কথা জানানো হয়।

অনুষ্ঠানে সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘একটা মাথাপিছু জাতীয় আয়ের ইস্যু আরেকটি হল মানবসম্পদের ব্যাপার। এখন এই দুটির ভেতরে কোনটি আমরা নিতে পারব- এটা কিন্তু আলোচনার বিষয়। এমন হতে পারে, আমরা দুটিই নিতে পারব। মানবসম্পদের ক্ষেত্রে যদি আমরা শিক্ষা, পুষ্টি, মাতৃমৃত্যুহার, স্বাক্ষরতা এগুলোতে যদি আমরা উন্নতির দিকে যেতে পারি তাহলে মানবসম্পদ যেমন উন্নত হবে ঠিক একই রকমভাবে উৎপাদনশীলতা দিয়ে আমরা প্রবৃদ্ধিও বাড়াতে পারব। মানবসম্পদের ওপর গুরুত্বারোপ করলে বাংলাদেশ আরো দ্রুততার সঙ্গে টেকসইভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে।’

স্বল্পোন্নত দেশ থেকে বের হতে গেলে যেসব শর্তের কথা বলা হয়েছে, সেগুলোর পাশাপাশি বাস্তবায়নে গুণগত মান এবং কাঠামোগত পরিবর্তনের ওপর জোর দেওয়া প্রয়োজন বলে সিপিডির সভায় বেশীরভাগ বক্তাই বিষয়টি তুলে ধরেন। এ প্রসঙ্গে সিপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ‘২০১৮ সালে যখন বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম উন্নত দেশে কনসিডার (বিবেচনা) করা হবে, তখন পরবর্তী এই পর্যায়ের জন্য আমাদের হাতে কৌশলপত্রের একটা ধারণা থাকতে হবে। যাতে আমরা ওই মোমেন্টামটাকে (গতিবেগ) ধরে রেখে ২০২৪ সালে বের হয়ে যেতে পারি। পরিমাণগত পরিমাপের সঙ্গে সঙ্গে গুণগত পরিবর্তন অর্থনীতি এবং কাঠামোগত পরিবর্তন -এগুলোর সংশ্লেষ কিন্তু খুবই নিকটবর্তী।’

সিপিডির অনুষ্ঠানে বক্তারা বলেন, গত কয়েক বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি বেড়েছে মূলত রপ্তানি এবং বিদেশিদের পাঠানো অর্থের (রেমিটেন্স) ওপর ভর করে। আবার বেশ কয়েক বছর ধরে বিশ্ববাজার থেকে ডলার কিনে টাকার বিনিময় হারও স্থিতিশীল রাখা হয়েছে, যা সামনের দিনে নাও থাকতে পারে। আর এসবই উন্নত দেশে উন্নীত হতে গেলে মাথাপিছু আয় চার হাজার ডলার করার লক্ষ্যে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। তাই এর সমাধানে মানবসম্পদ উন্নয়নের দিকে জোর দেওয়া দরকার। পৃথিবীর অনেক দেশই এখন উন্নয়নশীল দেশের তালিকা থেকে নিজেদের বের করতে অভ্যন্তরীণ রাজনীতির ফায়দা নিচ্ছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।

বক্তারা আরো বলেন, দেশ উন্নত হতে হলে শুধু অর্থনৈতিক উন্নয়নই নয়, বরং সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নতি, আইনের শাসন, বৈষম্য দূরীকরণ, রাজনৈতিক স্থিতিশীলতার ওপর জোর দেওয়ার সময় এসেছে। কত দ্রুত তা নয় বরং কি পদ্ধতিতে এবং কতটা শক্তিশালীভাবে বাংলাদেশ উন্নত আয়ের দেশে পরিণত হল সেটির ওপর মনোনিবেশ করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

আপনার মন্তব্য

আলোচিত