সিলেটটুডে ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০১৬ ১৭:০৯

রাষ্ট্রপতির সাথে আলোচনায় বঙ্গভবনে খালেদা

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন ইস্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে বঙ্গভবনে প্রবেশ করেছে বিএনপির প্রতিনিধি দল। রোববার (১৮ নভেম্বর) বিকেল ৪টা ২৭ মিনিটে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দলটি বঙ্গভবনে প্রবেশ করেন।

প্রতিনিধি দলে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী।  এছাড়া প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন খালেদা জিয়ার একান্ত সচিব আব্দুস সাত্তার ও ব্যক্তিগত সহকারী শামসুর রাহমান শিমুল বিশ্বাস। এছাড়া ব্যক্তিগত ফটোগ্রাফার নুর উদ্দিন আহমদ বঙ্গভবনে ঢুকতে পারেননি।

তবে ১৩ সদস্যের প্রতিনিধি দলে মির্জা আব্বাসকে রাখা হলেও দেশের বাইরে থাকায় তিনি সংলাপে অংশ নিতে পারেননি। এছাড়া তরিকুল ইসলাম অসুস্থ থাকায় তিনিও বঙ্গভবনে যেতে পারেননি।

এদিকে প্রতিনিধি দলের ১১ সদস্য ছাড়াও খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও ব্যক্তিগত ফটোগ্রাফার নুরুদ্দিন আহমেদ (নুরু মিয়া) বঙ্গভবনে প্রবেশ করেছেন।

এর আগে বিকেল ৩টা ৫ মিনিটে গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে রওনা হন খালেদা জিয়া। বিকেল ৪টা ৫ মিনিটে বিএনপির স্থায়ী কমিটির ৭ সদস্য বঙ্গভবনের গেটে পৌঁছে অপেক্ষা করেন।

উল্লেখ্য, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন। বর্তমান কমিশন গঠনের আগে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি সার্চ কমিটির মাধ্যমে কমিশন গঠন করেছিলেন। ১২ ডিসেম্বর বিএনপিসহ ৫টি রাজনৈতিক দলকে নির্বাচন কমিশন গঠন ইস্যুতে আলোচনার জন্য বঙ্গভবনে আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিএনপির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এই সংলাপ শুরু হচ্ছে ১৮ ডিসেম্বর রবিবার। এছাড়া ২০ ডিসেম্বর জাতীয় পার্টি, ২১ ডিসেম্বর এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ ও ২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) (ইনু) সঙ্গে আলোচনায় বসবেন রাষ্ট্রপতি।

আপনার মন্তব্য

আলোচিত