সিলেটটুডে ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০১৬ ১৯:১২

গুলশান হামলা : আরেক মামলায় তাহমিদের জামিন

গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় জঙ্গি হামলার ঘটনায় তাহমিদ হাসিব খানকে আরেকটি মামলায় জামিন দিয়েছেন আদালত। রোববার (১৮ ডিসেম্বর) ঢাকার মহানগর হাকিম লস্কর সোহেল রানার আদালতে আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করেন তাহমিদ। এর প্রেক্ষিতে তাহমিদের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

আদালতের কর্মকর্তা (জিআরও) রণপ কুমার ভক্ত সাংবাদিকদের জানান, তাহমিদের বিরুদ্ধে পুলিশকে অসহযোগিতা অভিযোগ আনা হয়েছিল। এ মামলাটি জামিনযোগ্য ধারার হওয়ায় বিচারক তার জামিন মঞ্জুর করেছেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম, ইউনিটের পরিদর্শক মো. হুমায়ুন কবীর তাহমিদের বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় ৫৪ ধারায় অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন। একই সঙ্গে পুলিশকে তথ্য না দেওয়ায় দণ্ডবিধি ১৭৬ ধারায় নন-প্রসিকিউশন মামলা দায়ের করেন। গত ১৬ নভেম্বর ঢাকা মহানগর হাকিম নুর নবী ১৮ ডিসেম্বর তাহমিদকে আদালতে হাজির হওয়ার সমন জারি করেন।

চলতি বছরের ২ আগস্ট রাতে তাহমিদকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমকে গ্রেপ্তার করা হয়। তাহমিদ জামিনে মুক্তি পেলেও হাসনাত মূল মামলায় কারাগারে আটক রয়েছেন।

উল্লেখ্য গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশিসহ ২২ জনকে হত্যা করে জঙ্গিরা। এ অভিযানে নিহত হয় পাঁচ জঙ্গি।

আপনার মন্তব্য

আলোচিত