১৯ ডিসেম্বর, ২০১৬ ১৯:৫৩
যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীকে বিজয় দিবসের কুচকাওয়াজে সালাম গ্রহণ করানো নিয়ে সমালোচনার মধ্যে পিরোজপুরের জিয়ানগর উপজেলার ইন্দুরকানী থানার ওসি মো. মিজানুল হককে সোমবার প্রত্যাহার করা হয়েছে।
গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জিয়ানগর উপজেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রা, কুচকাওয়াজ, আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদীপুত্র মাসুদ সাঈদী। ওইদিন মুক্তিযোদ্ধারা মাসুদ সাঈদীর হাত থেকে সম্মাননা গ্রহণ করেন। যাদের মধ্যে সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার বাদীও রয়েছেন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
আরও পড়ুন : সাঈদীর ছেলের হাত থেকেও সম্মাননা নিতে হয় মুক্তিযোদ্ধাদের!
থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগসাজশে প্রশাসনিক কায়দায় মাসুদ সাঈদীকে দিয়ে কুচকাওয়াজে সালাম গ্রহণ করানো হয় এবং মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট উপহার দেওয়া হয় বলে অভিযোগ করেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাকিম হাওলাদার।
বিজয় দিবসের কুচকাওয়াজে সালাম গ্রহণ মঞ্চে উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীর পাশেই দাঁড়িয়ে ছিলেন ওসি মো. মিজানুল হক, ইউএনও জাকির হোসেন বাচ্চু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বেলায়েত হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান।
তবে পিরোজপুর পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন জানিয়েছেন, প্রশাসনিক কারণে সোমবার তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য