সিলেটটুডে ডেস্ক

২০ ডিসেম্বর, ২০১৬ ১৪:০০

রোহিঙ্গা শরণার্থী শিবিরে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্যাতনে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে কক্সবাজার গেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এলপি মারসুদি। এ সময় তিনি রোহিঙ্গা শরণার্থী শিবিরের বিভিন্ন ব্লকে পরিদর্শন করেন। তারা রোহিঙ্গাদের ওপর নির্যাতনের কথা শোনেন।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এলপি মারসুদির সঙ্গে সেখানে গেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টায় ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে সঙ্গে নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী হেলিকপ্টারে করে কক্সবাজারের উখিয়ায় অবতরণ করেন। সেখান থেকে কুতুপালং শরণার্থী ক্যাম্পে যান দুই মন্ত্রী।

এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, কক্সবাজার-৪ আসনের এমপি আব্দুর রহমান বদিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

দুই পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক সময়ে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা এবং রাখাইন রাজ্যের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পরে তাঁরা কুতুপালংয়ের নিবন্ধিত ও অনিবন্ধিত শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন। সে সময় রোহিঙ্গাদের সঙ্গেও কথা বলেন তাঁরা। তিনি রোহিঙ্গাদের সঙ্গে আলাপসহ মিয়ানমারে তাদের ওপর সে দেশের সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী ও রাখাইন সম্প্রদায়ের নির্যাতনের কাহিনী শুনেছেন, কোনও কোনও রোহিঙ্গার কাহিনী শুনে তিনি তাদের সমবেদনা জানিয়েছেন।

রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সশস্ত্র বাহিনীর নির্যাতন ইস্যুতে আজ মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি  আজ বৈঠক করবেন। রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে পরিদর্শনের পর তাদের এই বৈঠক হবে। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গেও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক করার কথা রয়েছে । রাতেই তিনি দেশে ফিরে যাবেন।

উল্লেখ্য, গত অক্টোবরে মিয়ানমার সীমান্ত চৌকিতে আক্রমণে কয়েকজন পুলিশ নিহত হন। এরপর মিয়ানমারের সশস্ত্র বাহিনী নিরীহ রোহিঙ্গাদের ওপর আক্রমণ চালায়। এখন পর্যন্ত শতাধিক রোহিঙ্গা নিহত হয়েছেন এবং ৩০ হাজারের বেশি গৃহহারা হয়েছেন। এছাড়া নিজেদের জীবন বাঁচাতে ৩০ হাজারের মতো রোহিঙ্গা বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়েছেন বলে দাবি করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন।

আপনার মন্তব্য

আলোচিত