সিলেটটুডে ডেস্ক

২০ ডিসেম্বর, ২০১৬ ২৩:১২

চার ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানার পর র‌্যাবের সঙ্গে সংঘর্ষ

সিলেটের একটি ডায়গনস্টিক সেন্টারে র‌্যাবের অভিযান। (ফাইল ছবি)

ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালতে কয়েকটি ডায়গনস্টিক সেন্টারকে জরিমানা করার পর র‌্যাবের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ক্লিনিক ও ডায়াগস্টিক সেন্টারের লোকজন।   

মঙ্গলবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে এ সংঘর্ষ হয়।

এক পর্যায়ে পুলিশ এসে র‌্যাবের সঙ্গে যোগ দিলে ক্লিনিক ও ডায়াগস্টিক মালিক ও তাদের লোকজন পিছু হটে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস‌্যদের মারমুখী ভূমিকায় দেখা যায়।

বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের চরপাড়া এলাকায় কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয় র‌্যাবের ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে।

অভিযানকালে র‌্যাব-১৪ ময়মনসিংহ এর মেজর জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহজাহান উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

সারোয়ার আলম জানান, ভোক্তা অধিকার আইনে বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। এ সময় ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব ইনচার্জ মৃদুলকে ৬ লাখ টাকা, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার নুরুল ইসলামকে ১০ লাখ টাকা, আরও চারটি ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ লাখ টাকা এবং পপুলার গেইটে মেডিসিন কর্নার কর্তৃপক্ষকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের আট কর্মচারীকে ২ থেকে ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয় এবং মেডিসিন কর্নারের দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয় বলে জানান সারোয়ার।

প্রত্যক্ষদর্শীরা জানান, র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাত সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত বিক্ষোভ করেন ক্লিনিক অ্যান্ড ডায়াগস্টিক অ্যাসোসিয়েশনের লোকজন।  

কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করায় কিছু স্বার্থান্বেষী মহল র‌্যাবের অভিযানকে বাধা দিতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল।

“ওই সময় তারা কয়েকটি গাড়ি ভাংচুর করে এবং লাঠিসোটা নিয়ে র‌্যাবের উপর চড়াও হয়। পরে পুলিশ গিয়ে র‌্যাবের সঙ্গে যোগ দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আপনার মন্তব্য

আলোচিত