সিলেটটুডে ডেস্ক

২২ ডিসেম্বর, ২০১৬ ২১:৫১

বিশাল ব্যবধানে আইভীর জয়

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ৭৯ হাজার ৫৬৭ হাজার ভোটে বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খানেক পরাজিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৭৪টি কেন্দ্রের ১৩০৪টি ভোটকক্ষে বিরতীহীনভাবে চলে শান্তিপূর্ণ ভোট।

বিকেলের পর থেকে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয় থেকে ফলাফল ঘোষণা করা হয়। রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে বেসরকারিভাবে সেলিনা হায়াৎ আইভীকে জয়ী ঘোষণা করেন।
 
নুরুজ্জামান তালুকদার জানান, নির্বাচনে চার লাখ ৭৪ হাজার ৯৩১ ভোটারের মধ্যে দুই লাখ ৯৬ হাজার ৩৬ ভোট গৃহীত হয়। প্রদত্ত ভোটের হার হলো ৬২ দশমিক ৩৩ ভাগ।

আইভী পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৮২৬ ভোট। অপরদিকে বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ৯৬ হাজার ৬৭৪ ভোট।

কর্পোরেশনের ২৭টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলরের মধ্য আওয়ামী লীগ সমর্থিতরা ১২টিতে জয় পেয়েছেন। বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা জয়ী হয়েছেন ১১ ওয়ার্ডে। তিনটি ওয়ার্ডে জাতীয় পার্টি ও একটিতে বাসদ সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন বলে কেন্দ্র ঘোষিত ফলে জানা গেছে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের পর বিভিন্ন কেন্দ্র থেকে আসা ফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা।

উল্লেখ্য, ২০১১ সালে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী এক লাখ ৮০ হাজার ৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। ওই নির্বাচনে তার নিকটতম অবস্থানে ছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী একেএম শামীম ওসমান। শামীম ওসমান পান ৭৮ হাজার ৭০৫ ভোট।

আপনার মন্তব্য

আলোচিত