২৪ ডিসেম্বর, ২০১৬ ১৭:৪৭
রাজধানীর দক্ষিণখানের আশকোনায় 'জঙ্গি আস্তানায়' আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চালানো অভিযানের ঘটনায় দুইজন নিহত হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে শনিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের একথা জানান।
শনিবার ভোররাতে সূর্যভিলা নামে তিন তলা ওই বাড়িটি ঘিরে অভিযানে নামেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বেলা পৌনে ৪টার দিকে ওই অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত হয়েছে। সেখানে এক নারীসহ দুইজন নিহত হয়েছে। অভিযান শেষ হলেও বাড়িটিতে প্রচুর গ্রেনেড ও বোমা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিভিন্ন বাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল সেখানে কাজ করছে।
ভোর থেকে সূর্যভিলা নামের বাড়িটি ঘিরে রাখে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। সকালে সেখানে অভিযান শুরু হয়।
দুপুরে ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া সাংবাদিকদের জানান, অভিযান চলাকালে চার জঙ্গি সদস্য সকালে আত্মসমর্পণ করেছে। এরপর ওই ভবনে নারীসহ তিন জঙ্গি অবস্থান করছিল। দুপুরে এক নারী সাত থেকে আট বছর বয়সী এক শিশুকে নিয়ে বেরিয়ে আসার সময় গ্রেনেড বিস্ফোরণ ঘটায়।
বিস্ফোরণের পর ওই নারী আহত হয়ে ঘটনাস্থলে অচেতন অবস্থায় পড়েছিলেন। সেখান থেকে এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই নারীর মৃত্যুর খবর নিশ্চিত করে পুলিশ।
পুলিশ জানায়, বোরখা পরা ওই নারী ঘর থেকে বেরিয়ে আসার সময় উপস্থিত আইন-শৃংখলারক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে দুই হাত উচু করতে বললে সঙ্গে সঙ্গে তিনি শরীরে রাখা গ্রেনেড বিস্ফোরণ ঘটান।
বিস্ফোরণে এক পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, আত্মসমর্পণ করা জঙ্গিরা হলো- গত ২ সেপ্টেম্বর রাতে মিরপুরের রূপনগরের একটি বাসায় পুলিশের অভিযানে নিহত সাবেক সেনা কর্মকর্তা জাহিদুলের স্ত্রী জেবুন্নাহার ও মেয়ে এবং নব্য জেএমবির অন্যেতম প্রভাবশালী নেতা মুসার স্ত্রী ও মেয়ে।
অভিযান শুরুর পর বাড়িটির ওপরের দুটি ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।
আপনার মন্তব্য