সিলেটটুডে ডেস্ক

২৬ ডিসেম্বর, ২০১৬ ২১:৪২

শ্রাবণ প্রকাশনী নিষিদ্ধের প্রতিবাদে রাস্তায় নামছেন লেখক-শিল্পী-সংস্কৃতিকর্মীরা

সৃজনশীল প্রকাশনা সংস্থা শ্রাবণ প্রকাশনীকে আগামী দুই বছরের জন্য একুশে বইমেলায় স্টল বরাদ্দ না দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন লেখক-কবি-শিল্পী-সংস্কৃতিকর্মীরা।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় বাংলা একাডেমির সামনে এই প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করা হবে।

'মত প্রকাশের স্বাধীনতা বন্ধ করার আয়োজন রুখে দাঁড়াও/বাংলা একাডেমি থেকে কূপমণ্ডূক সুবিধাবাদীদের হটাও'- এমন শ্লোগানকে সামনে রেখে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করবেন লেখক-কবি-শিল্পী-সংস্কৃতিকর্মীরা। এতে সর্বস্তরের জনসাধারণকে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা।

প্রতিবাদী অবস্থান কর্মসূচি উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ইভেন্ট খোলা হয়েছে। সেখানে বলা হয়েছে- 'আমাদের মনে আছে বইমেলা চলাকালীন সময়ে বাংলা একাডেমির উদ্যোগে রোদেলা প্রকাশনীর স্টল বন্ধ করে দেয়ার ঘটনা। গত বছর বইমেলায় বাংলা একাডেমির উদ্যোগে পুলিশ পাঠিয়ে বদ্বীপ প্রকাশনীর স্টল বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে লেখক-প্রকাশক শামসুজ্জোহা মানিককে হাতকড়া পরিয়ে গ্রেপ্তারের মত দৃশ্যও আমাদের দেখতে হয়েছে। এবার আমরা দেখলাম, বইমেলার আগেই শ্রাবণ প্রকাশনীকে দই বছরের জন্য বাংলা একাডেমির বইমেলায় নিষিদ্ধ করা হয়েছে। বিগত দিনগুলিতে বাংলা একাডেমির পশ্চাৎমুখী যাত্রা এবং প্রতিক্রিয়াশীল নানান সিদ্ধান্তের বিরুদ্ধে শ্রাবণ প্রকাশনীর সত্ত্বাধিকারী রবীন আহসান সোচ্চার ভূমিকা রেখেছেন।'

সবাইকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে ইভেন্টে বলা হয়, 'আমরা দেশের সকল লেখক-কবি-শিল্পী-সংস্কৃতি কর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষকে বাংলা একাডেমির এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানাই। আমাদের দাবি, শ্রাবণ প্রকাশনী নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে এই মুহূর্তে বাংলা একাডেমিকে সরে আসতে হবে এবং কূপমণ্ডুক সুবিধাবাদীদের অপসারণ করে বাংলা একাডেমির পশ্চাৎমুখীনতাকে ঠেকাতে হবে।'

প্রসঙ্গত, শ্রাবণ প্রকাশনীর সত্ত্বাধিকারী রবিন আহসান সোমবার (২৬ ডিসেম্বর) বইমেলা ২০১৭-এর স্টল বরাদ্দ চেয়ে ফর্ম নিতে গিয়ে জানতে পারেন, তাঁর প্রকাশনীকে একুশে বইমেলায় দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

এরপর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখেন- ‘আজকে জানলাম, শ্রাবণ প্রকাশনী দুই বছর বাংলা একাডেমিতে নিষিদ্ধ!!! বাংলা একাডেমির বইমেলায় সংস্কৃতি মন্ত্রীর উপস্থিতিতে ষষ্ঠ সভায় নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে!!'

পরে রবিন আহসান ফেসবুকে আরেকটি স্ট্যাটাসে লিখেন, ‘হায় গণতন্ত্র, একজন প্রবীণ প্রকাশক ও লেখককে গ্রেপ্তার করায়, আমি টকশোতে এই ঘটনার নিন্দা জানাই। আমাদের বন্ধুরা শাহবাগে সমাবেশ করে। সেই সমাবেশে বক্তব্য রাখায় গণতন্ত্রের পতাকাবাহী বাংলা একাডেমির ইতিহাসের সর্বোচ্চ সময়ের মহাপরিচালক শামসুজ্জামান খান শ্রাবণ প্রকাশনীকে দু'বছরের জন্য নিষিদ্ধ করেন! আমি হয়তো না খেয়ে মরবো না, তবে এই গণতান্ত্রিক দেশে আর বেশিদিন থাকছি না এটা সত্য। আমার মুখ বন্ধ করার ক্ষমতা যদি হয় শ্রাবণ বন্ধ, তবে এও সত্য পাল্টা বইমেলা হবে।’

এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান জানান, "ও মিথ্যাচার করেছে। গত বছর আমরা রোদেলা প্রকাশনীকে বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলাম। তারা ধর্মীয় বিষয়ে অশ্লীল বই প্রকাশের কারণে অভিযুক্ত হয় এবং হেফাজত বইমেলায় আক্রমণের হুমকি দেয়। ওই প্রকাশনা থাকলে বইমেলা পুড়িয়ে দেওয়া হতো। এরপর সে (রবিন আহসান) ওই প্রকাশনীর পক্ষে টিএসসিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে।"

আপনার মন্তব্য

আলোচিত