২৭ ডিসেম্বর, ২০১৬ ১৩:০০
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা তদন্তে ঘটনাস্থলে গেছেন মুখ্য বিচারিক হাকিম মো. শহিদুল্লা।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জের সাঁওতাল অধ্যুষিত মাদারপুর গ্রামে যান তিনি।
এর আগে সকাল ১০টার দিকে পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বগুড়া অঞ্চলের অতিরিক্ত সুপার আক্তার হোসেন মাদারপুর গ্রামে যান।
গোবিন্দগঞ্জে সাঁওতালদের ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত এবং এতে পুলিশের সম্পৃক্ততা আছে কি না, তা তদন্ত করতে গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিমকে গত ১৪ ডিসেম্বর নির্দেশ দেন উচ্চ আদালত। একই সাথে ১৫ দিনের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। সাঁওতালরা তাদের ওপর হামলা, ঘরে আগুন দেওয়া, পুরোনো বসতবাড়িতে লুটপাটের অভিযোগে সাঁওতালদের পক্ষে থানায় পৃথক অভিযোগ করা হয়। এর মধ্যে একটি সাধারণ ডায়েরি হিসেবে, অন্যটি মামলা হিসেবে নথিভুক্ত হয়। এ ছাড়া ঘটনার দিন পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে।
আপনার মন্তব্য