সিলেটটুডে ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০১৬ ১৪:২৫

‘জঙ্গিবাদ নিয়ে উদ্বেগ আছে, শঙ্কা নেই’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জঙ্গিবাদ নিয়ে উদ্বেগ আছে, শঙ্কা নেই। আমরা শঙ্কিত নই। যেখানে নারী আত্মঘাতী এবং শিশুকে ঢাল হিসেবে ব্যবহার হচ্ছে। নারী যেখানে সুইসাইডাল স্কোয়াডে আছে, একজন কিশোর পর্যন্ত আত্মঘাতী। এ বিষয়টি নতুন মাত্রা যোগ করল। সুইসাইড অ্যাটাকটা আমাদের দেশে নতুন মাত্রা। সুইসাইড হামলার দিক থেকে এটা আমাদের জন্য বড় ধরনের সতর্কবার্তা।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এ ব্যাপারে আমাদের উদ্বেগ অবশ্যই আছে, প্রস্তুতিও আছে। আমাদের আইন প্রয়োগকারী সংস্থা সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। শোলাকিয়া, গুলশানের পর কল্যাণপুরে জঙ্গি আস্তানা গুঁড়িয়ে দিয়েছে। আশকোনাতেও সফলভাবে অভিযান চালিয়েছে। আমাদের সক্ষমতা আছে, সামর্থ্যও আছে। কাজেই আমরা শঙ্কিত নই, আমরা উদ্বেগ রেখে মোকাবিলার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। সাম্প্রদায়িকতার বিষবৃক্ষই উন্নয়নের অগ্রগতির পথে বাধা হতে পারে। এ বিষবৃক্ষকে জনগণকে সঙ্গে নিয়ে উপড়ে ফেলতে হবে।

জঙ্গিবিরোধী অভিযানকে বিএনপির পক্ষ থেকে নাটক দাবি করা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একুশে আগস্ট তো আমরা নাটক করেছি! তৎকালীন বিরোধী দলের নেতা ভ্যানিটি ব্যাগে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন- এ কথা তো বিএনপিই বলেছিল। তখন তারাই জজ মিয়া নাটক সাজিয়েছে। নাটক করা, নাটক সাজানো- এটা তাদের রাজনীতি। আমরা নাটক-টাটক জানি না। আমরা রাজনীতি করি, আমরা গায়ে পড়ে আত্মহত্যা করতে যাব কেন? কোনো দরকার আছে?

তিনি বলেন, গায়ে পড়ে জঙ্গি তৈরি করে আত্মহত্যা করাতে যাব কেন? কোনো প্রয়োজন আছে? জঙ্গি কারা তৈরি করে, কারা পেট্রলবোমা তৈরি করে, পেট্রলবোমা মারায় সহযোগিতা করে, বাংলাদেশের মানুষ সেটা ভালো করেই জানে। রাজনীতিতে অফুরান নাটকের জন্ম দিতে পারে বিএনপি।

আপনার মন্তব্য

আলোচিত