সিলেটটুডে ডেস্ক

২৯ ডিসেম্বর, ২০১৬ ০১:৪৫

বিশ্ববিদ্যালয়ের মান ডিগ্রি কলেজের চেয়ে খারাপ

সেমিনারে হোসেন জিল্লুর রহমান

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মান আগেকার ডিগ্রি কলেজের চেয়ে খারাপ অবস্থানে চলে এসেছে বলে মন্তব্য করেছেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। রাজধানীর সিরডাপ মিলনায়তনে বুধবার ‘রিসার্চিং এডুকেশন ২০৩০: সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

গণসাক্ষরতা অভিযান এবং এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মনজুর আহমেদ।

ড. হোসেন জিল্লুর রহমান বলেন, শিক্ষা নিয়ে বৈপ্লবিক চিন্তা না করলে এ খাতের গুণগত পরিবর্তন অসম্ভব। দেশের সুশীল সমাজকেই এ বিষয়ে এগিয়ে আসতে হবে। মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার জন্য শুধু রাস্তা, সেতু ও অবকাঠামোর পরিবর্তন থাকবে, শিক্ষা খাতে কোনো পরিবর্তন আসবে না; তা কোনোভাবেই মেনে নেয়া যায় না।

এক্ষেত্রে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও গুণগত অবস্থানের তুলনা করেন।

সেমিনারে বক্তাদের আলোচনায় বেশকিছু সুপারিশ উঠে আসে। এগুলো হলো— শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর জন্য বিত্তবানদের সম্পদের ওপর শিক্ষাকর আরোপ, শিক্ষা খাতে সক্ষমতা বাড়ানোর আগে ব্যয় বৃদ্ধি না করা, তদারকি প্রতিষ্ঠানের মধ্যে আরো সমন্বয় সাধন, প্রাথমিক শিক্ষাসহ সব ধরনের শিক্ষা ব্যবস্থায় গুণগত ও কাঠামোগত পরিবর্তন সাধন, আরো বেশি সুশাসন নিশ্চিতকরণ, শিক্ষা আইন দ্রুত প্রকাশ, নিয়ন্ত্রক সংস্থার অনিবন্ধিত শিক্ষাপ্রতিষ্ঠানের নিবন্ধন ইত্যাদি।

ড. মনজুর আহমেদ বলেন, যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা শিক্ষকতায় আসতে চান না বলে শিক্ষার মান ক্ষুণ্ন হচ্ছে। মূলত শিক্ষা খাতে সরকারের অপ্রতুল বাজেট ও কার্যকর ব্যবস্থাপনার অভাবে এমনটি হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত