২৯ ডিসেম্বর, ২০১৬ ১৩:৪৯
ফাইল ছবি
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। এদিন বেগম খালেদাসহ অপর আসামিরা আত্মপক্ষ সমর্থনের জন্য স্বশরীরে আদালতে হাজির না হলে তাদের জামিন বাতিল করা হবে বলে জানিয়েছেন বিচারক।
তদন্ত কর্মকর্তার জেরা শেষে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার এ আদেশ দেন।
বেগম খালেদা জিয়ার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ ও জিয়া উদ্দিন জিয়া জানান, আজ (বৃহস্পতিবার) জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার তদন্ত কর্মতর্তার জেরা শেষ হয়েছে। আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। ঐদিন বেগম খালেদাসহ অপর আসামিরা স্বশরীরে আদালতে হাজির না হলে তাদের জামিন বাতিল করা হবে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১০ সালের ৫ আগস্ট খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক হারুন অর রশীদ। ২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।
মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন- মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
আপনার মন্তব্য