৩১ ডিসেম্বর, ২০১৬ ২২:১৮
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক নাদিয়া নন্দিতা ইসলামের বিয়ে সম্পন্ন হয়েছে।
শনিবার রাতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের হেয়ার রোডের সরকারী বাসায় তাদের বিয়ে সম্পন্ন হয়। নাদিয়া নন্দিতা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়ে।
বিয়েতে দুই পরিবারের সদস্য, নিকটাত্মীয় ছাড়াও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যা আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক অজয় রায়, অধ্যাপক আবুল বারকাত, মানবাধিকার কর্মী খুশি কবির, নারী অধিকার কর্মী শিপ্রা বসু এসেছিলেন বিয়ের অনুষ্ঠানে। গণজাগরণ মঞ্চে ইমরানের বেশ কয়েকজন সহযোদ্ধাও ছিলেন।
আগের দিন একপ্রকার চুপিসারেই বর-কনের হলুদের আনুষ্ঠান হয়।
শনিবার রাত ৮টার দিকে কয়েকজন আত্মীয় আর বন্ধুকে নিয়ে কনের বাড়িতে হাজির হন বর। রীতি মাফিক বাসার ফটকে বরপক্ষকে আটকে দেয় একদল কিশোর-কিশোরী। ফিতা আসে, কাঁচি আসে, সঙ্গে আসে কনে পক্ষের টাকার দাবি।
এ দেশের বিয়ের রীতি অনুযায়ী হাসি-আনন্দের এই ‘গেইট ধরা’ পর্বে বরের পক্ষে দর কষাকষিতে অংশ নেন অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত।
কথা বলেন বর নিজেও। গেইট আগলে থাকা কনের বাড়ির ছেলে-মেয়েদের সঙ্গে এক সময় সমঝোতা হয়। কাঁচি পেয়ে ফিতা কেটে ইমরান এইচ সরকার ভেতরে প্রবেশ করেন বিয়ে বাড়িতে।
বিয়ের আসরে ইমরানের গায়ে ছিল সোনালী শেরওয়ানি, মাথায় লাল পাগড়ি। আর কনে নন্দিতা এসেছিলেন কাতানে সেজে।
রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি নেওয়া ইমরান ছাত্রজীবনে ছাত্রলীগে যুক্ত ছিলেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্বের সহকারী অধ্যাপক নন্দিতা পরিচিতজনদের কাছে তিন্নি নামেই পরিচিত।
ঘনিষ্ঠজনরা জানাচ্ছেন, বেশ কিছুদিন ধরেই পারিবারিকভাবে ইমরান-তিন্নির বিয়ের কথা চলছিল। সেই ইংগিত এসেছিল বছরের শুরুতে ইমরানেরই এক ফেসবুক পোস্টে।
আপনার মন্তব্য