সিলেটটুডে ডেস্ক

৩১ ডিসেম্বর, ২০১৬ ২৩:৫১

জাতীয় প্রেসক্লাবে সভাপতি শফিকুর, সম্পাদক ফরিদা

 জাতীয় প্রেসক্লাবের ব‌্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ শফিকুর রহমান আর সাধারণ সম্পাদক পদে প্রথমবারের মত কোন নারী হিসেবে জয়ী হয়েছেন একই প্যানেলের ফরিদা ইয়াসমিন।

এই দুটি পদসহ ১৭টি পদের মধ‌্যে ১৪টিতেই বিজয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থকদের শফিকুর-ফরিদা প‌্যানেল। ফল ঘোষণার সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীসহ নেতৃবৃন্দ জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন।  

বিএনপি সমর্থক ‘এমএ আজিজ-কাদের গনি চৌধুরী’র প্যানেল থেকে যুগ্ম সাধারণ সম্পাদকের একটি পদে ইলিয়াস খান এবং নির্বাহী সদস্যের একটি পদে হাসান হাফিজ বিজয়ী হয়েছেন।

প‌্যানেলের বাইরে এককভাবে প্রার্থী হয়ে নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন মাইনুল আলম।

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ভোট গ্রহণ শেষে সন্ধ‌্যা সাড়ে ৭টায় ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোস্তফা জব্বার ফলাফল ঘোষণা করেন।

১ হাজার ২১৮ জন ভোটারদের মধ্যে ১ হাজার ৮৯ জন সদস্য এবার ভোট দিয়েছেন।

সভাপতি পদে শফিকুর রহমান ভোট পেয়েছেন ৬৭২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এ আজিজ পেয়েছেন ২৭৯ ভোট। এই পদে অন‌্য প্রার্থী খন্দকার মনিরুল আলমের প্রাপ্ত ভোট ১২০।

সাধারণ সম্পাদক পদে ফরিদা ইয়াসমীন ৪৩৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাদের গনি চৌধুরী পেয়েছেন ৩৫০ ভোট। এই পদে অন‌্য প্রার্থী কামরুল ইসলাম চৌধুরী ২৮২ ভোট পেয়েছেন।

জ‌্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন সাইফুল আলম, যার প্রাপ্ত ভোটের সংখ্যা সর্বাধিক ৮০৭। এই পদে অন‌্য দুই প্রার্থী রুহুল কুদ্দুস ৩৬২ এবং নুরুল আমিন রোকন ১৮৩ ভোট পেয়েছেন।

সহ সভাপতি পদে আজিজুল ইসলাম ভুঁইয়া ৫৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদরুল হাসানের ভোট ২৩৯। অন‌্য প্রার্থী আমিরুল ইসলাম কাগজীর ১৫৬ এবং মো. মোকাররম হোসেন ৪৪ ভোট পেয়েছেন।

কোষাধ্যক্ষ হয়েছেন কার্তিক চ্যাটার্জী ৪৭৮ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রওনাক হোসেনের ভোট সংখ্যা ৩৯২। এই পদে অন‌্য প্রার্থী সরদার ফরিদ আহমদ ভোট পেয়েছেন ১৯৮।

নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন শাহেদ চৌধুরী (৬২৭) ও ইলিয়াস খান (৪৫২)। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আশরাফ আলী (৪৩৯)।

প্রাপ্তভোট ক্রমানুসারে নির্বাচিত ১০ নির্বাহী সদস্য হলেন- শ্যামল দত্ত (৫৭৪), কুদ্দুস আফ্রাস (৫৩৫), মাঈনুল আলম (৫১১), রেজোয়ানুল হক রাজা (৪৮৮), মোল্লা জালাল (৪৫৯), শামসুদ্দিন আহমেদ চারু (৪৫২), হাসান হাফিজ (৪২৩), শাহনাজ বেগম (৩৯৯), কল্যাণ সাহা (৩৭৮) ও হাসান আরেফিন (৩৬০)।

নির্বাহী সদস‌্যের ১০ পদে প্রার্থী ছিলেন ৩০ জন।

আপনার মন্তব্য

আলোচিত