সিলেটটুডে ডেস্ক

০৮ জানুয়ারি, ২০১৭ ১৯:৩৩

নাসিরনগরে সাম্প্রদায়িক হামলা: ইউপি চেয়ারম্যান ‘আঁখি’ রিমান্ডে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরসহ সংখ্যালঘু হিন্দুদের বাড়িতে হামলার মূল হোতা ও হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৮ জানুয়ারি) দুপুরে রিমান্ড আবেদনের শুনানি শেষে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরাফ উদ্দিন আঁখির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

শুক্রবার তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন জানানো হয়। এ আবেদনের উপর শুনানি শেষে রোববার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

এর আগে গত ৫ জানুয়ারি ঢাকা থেকে আঁখিকে আটক করে পুলিশ। পরে তাকে গত ৩০ অক্টোবর নাসিরনগরের গৌরমন্দির ভাংচুর মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গৌরমন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী দায়ের করা এই মামলার সকল আসামি অজ্ঞাত উল্লেখ করা হয়।

গত বছরের ৩০ অক্টোবর হরিপুর গ্রামের রসরাজ দাসের ফেইসবুক থেকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের বেশ কয়েকটি হিন্দুপাড়ায় হামলা চালায় একদল দুর্বৃত্ত।

এ সময় হিন্দু সম্প্রদায়ের ১০টি মন্দির ভাঙচুরসহ শতাধিক বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং লুটপাট করা হয়। এ ঘটনায় মোট ৮টি মামলায় ১০৫ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

 

আপনার মন্তব্য

আলোচিত