০১ ফেব্রুয়ারি , ২০১৮ ১০:০৪
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ (১ ফেব্রুয়ারি)। এতে অংশ নিচ্ছে ১৭ লাখ ৩৯ হাজার ৫৭৩ জন পরীক্ষার্থী। নবম শ্রেণিতে ২১ লাখ ১৪ হাজার ২২২ জন ভর্তি হয়েছিল। বাকিরা শিক্ষার স্রোতধারা থেকে হারিয়ে গেছে। মাত্র দু’বছরে মাধ্যমিকে প্রায় পৌনে ৪ লাখ ছাত্রছাত্রী ঝরে পড়েছে।
এসএসসি পরীক্ষা সামনে রেখে শিক্ষা মন্ত্রণালয়ে বুধবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘কোনো শিক্ষার্থী ঝরে পড়ুক- তা আমরা চাই না। এ জন্যই বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, মোটের ওপর ৪০ শতাংশ ছাত্রছাত্রীকে উপবৃত্তি প্রদান, মেধাবৃত্তি, অতিরিক্ত ক্লাসের ব্যবস্থাসহ নানা পদক্ষেপ নেয়া হয়েছে।’
সংবাদ সম্মেলনে দেওয়া তথ্যমতে, আটটি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১০ বোর্ডে এবার পরীক্ষার্থী ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে শুধু আট বোর্ডের এসএসসি পরীক্ষার্থী ১৬ লাখ ২৭ হাজার ৩৭৮ জন।
সারা দেশে মোট ৩ হাজার ৪১২টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ শুরু হওয়া এ পরীক্ষা শেষ হবে ২৫ ফেব্রুয়ারি।
মোট পরীক্ষার্থীর মধ্যে এসএসসি ও দাখিলে ছাত্রী সংখ্যা বেশি। এবার এসএসসিতে ৭ লাখ ৯২ হাজার ৩৪৪ জন ছাত্র ও ৮ লাখ ৩৫ হাজার ৩৪ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে।
দাখিলে ছাত্র ১ লাখ ৪৩ হাজার ৬৪৮ জন ও ছাত্রী ১ লাখ ৪৬ হাজার ১০৪ জন।
আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ভোকেশনালে ছাত্র ৮৭ হাজার ২২০ জন ও ছাত্রী ২৭ হাজার ৫৪৯ জন।
আপনার মন্তব্য