০৭ ফেব্রুয়ারি , ২০১৮ ১৫:০৮
আবারও এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস। এবার ইংরেজি দ্বিতীয়পত্র প্রশ্ন ফাঁসের অভিযোগ একজনকে আটক করেছে মাদারীপুর জেলা প্রশাসক ও পুলিশ। পরে প্রশ্নফাঁসকারীর বিরুদ্ধে মামলা করা হয়।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। জোয়ায়দুল ইসলাম নামে আটক ওই যুবক ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে দাবি করেছে। সে বরগুনার আব্দুস ছাত্তার চোকদারের ছেলে।
জেলা প্রশাসন ও পুলিশ সূত্র জানায়, সকালে ঈগল পরিবহনের একটি বাসে ঢাকা থেকে বরগুনায় যাচ্ছিলেন জোয়ায়দুল। পথে মাদারীপুরের মস্তফাপুর এলাকায় এসএসসির ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষার প্রশ্নপত্র মোবাইল থেকে শিক্ষার্থীদের সরবরাহ করছিলেন। এ সময় পাশের সিটে থাকা যাত্রী লিটন বৈরাগী বিষয়টি টের পেয়ে অন্যদের জানান। তখন স্থানীয়রা বাসটি আটক করে জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম ও সদর থানা পুলিশকে খবর দেয়।
পরে জেলা প্রশাসক ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রশ্নের কপিসহ তাকে আটক করে। আটক যুবক নিজেকে ঢাকার একটি প্রাইভেট ভার্সিটির ছাত্র বলে দাবি করেছেন। তিনি একটি ফেসবুক পেজের মাধ্যমে প্রশ্ন সরবরাহ করে সেটা ৫০০ টাকার বিনিময়ে শিক্ষার্থীদের দিতেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। জোয়ায়দুল ইসলাম বরগুনার আব্দুস ছাত্তার চোকদারের ছেলে।
এ ব্যাপারে জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম জানান, আটক যুবকের মোবাইল চেক করে প্রশ্নফাঁসের সত্যতা পাওয়া যায়। আজকের পরীক্ষার প্রশ্নের সঙ্গে ফাঁসকৃত প্রশ্নের হুবহু মিল পাওয়া যায়। তার কাছে প্রশ্নের উত্তরও পাওয়া যায়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ ফারুক আহম্মদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য